প্রধানমন্ত্রী হিসেবে মোদি ‘ভারতের জন্য লজ্জার’: অভিজিৎ দীপকে


আন্তর্জাতিক ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 11-10-2026

প্রধানমন্ত্রী হিসেবে মোদি ‘ভারতের জন্য লজ্জার’: অভিজিৎ দীপকে
২৪ ঘণ্টা পর আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে তোপ দাগলেন সিজেপি প্রধান; রাজপথে বিক্ষোভ অব্যাহত রাখার তাগিদ

নয়াদি ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী নয়াদিল্লিতে আটক হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর আদালতের নির্দেশে মুক্তি পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ভারতের জন্য লজ্জার এবং দেশ এর আগে কখনো এত বড় কাপুরুষ ও দাদাগিরি করা শাসক দেখেনি।”

আজ রোববার (১১ অক্টোবর) সকালে আদালত থেকে মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিস্ফোরক পোস্টে দীপকে এই মন্তব্য করেন। একই সঙ্গে নির্বাচন কমিশন ঘেরাও ও কমিশনপ্রধানের পদত্যাগের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা পুর্নব্যক্ত করেন তিনি।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে সিজেপির ডাকা আন্দোলন ঠেকাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পরপরই উড়োজাহাজের ভেতরের থেকে পুলিশ অভিজিৎ দীপকে এবং দলের জ্যেষ্ঠ দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে। আটকবস্থায় দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টা কাটার পর রোববার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট শুনানি শেষে তিনজনকে মুক্তির নির্দেশ দেন।

তবে সিজেপির আইনি দলের প্রধান জানিয়েছেন, আদালত তাঁদের জামিন মঞ্জুর করলেও একটি বিশেষ শর্ত আরোপ করেছে। শর্ত অনুযায়ী, আগামী এক বছরের জন্য তাঁরা কোনো ধরনের “শান্তি ভঙ্গ করতে পারবেন না” বা আইনি নির্দেশনার বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারবেন না।

আদালতের মুক্তির আদেশের পরপরই দীপকে মোদি সরকারের রাজনৈতিক আচরণের কড়া সমালোচনা করেন। এদিকে শনিবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালসহ হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে ধরপাকড়ের পরও সিজেপি তাদের অবস্থান থেকে সরে আসেনি। আজ রোববার দুপুর ২টায় সার্বিক পরিস্থিতি ও পরবর্তী আন্দোলনের রূপরেখা জানাতে এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com