সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আছেন ৩,৫০০ পর্যটক!


জাতীয় ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 22-10-2026

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আছেন ৩,৫০০ পর্যটক!
      রাঙ্গামাটির সীমান্তঘেঁষা পর্যটন কেন্দ্র সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের তীব্র গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে কয়েকজন সেনা সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিরাপত্তা বাহিনীর সময়োচিত পদক্ষেপে আটকে পড়া প্রায় ৩,৫০০ পর্যটককে অক্ষত ও নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সাজেক-খাগড়াছড়ি সড়কের উজোবাজারে এই সংঘাতের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, সকালে সাজেক ত্যাগ করা প্রায় সাড়ে তিন হাজার পর্যটকবাহী একটি স্কর্ট উজোবাজারে পৌঁছালে আন্দোলনকারীদের বসানো ব্যারিকেডের মুখে পড়ে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বারবার অনুরোধ জানানো সত্ত্বেও সড়ক অবরোধকারীরা পথ ছেড়ে দেয়নি। একপর্যায়ে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত প্রতিরোধ গড়ে তোলে এবং সড়ক পরিষ্কার করে পর্যটকদের গাড়িগুলো নিরাপদে পার করে দেয়।

পর্যটকরা এলাকা ত্যাগ করার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের মুখোমুখি গুলিবিনিময় শুরু হয়। এ ঘটনায় কয়েকজন সেনাসদস্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে পর্যটকদের কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনাস্থল ও আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এলাকাটিতে সেনা টহল বাড়ানো হয়েছে। গোলাগুলির বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানতে রাঙামাটি জেলা পুলিশ ও সাজেক থানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যকার অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই সাজেক এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিছুদিন অবরোধ স্থগিত থাকার পর আজ নতুন করে এই সংঘাতের ঘটনা ঘটল।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com