ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করার কোনো আইনগত ভিত্তি বা অধিকার রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় যে, ভারত থেকে শেখ হাসিনা আইনজীবীদের মাধ্যমে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন এবং আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।
যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী: গণমাধ্যমের শিরোনাম ও স্ক্রল নিউজের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।”
পাসপোর্ট আবেদন প্রক্রিয়া ও আইনি দিক সম্পর্কে তিনি আরও স্পষ্ট করে বলেন, “বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আবেদন যথাযথভাবে করা হয়েছে কি না, আদৌ আবেদন করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি কী এবং আবেদন করার অধিকার রয়েছে কি না এসব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে।”
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, এ ধরনের ক্ষেত্রে দেশের বর্তমান পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন এবং অন্যান্য সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে।