শোবিজে এক বছরে এত বিবাহ বিচ্ছেদ!


বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 10-11-2026

শোবিজে এক বছরে এত বিবাহ বিচ্ছেদ!

সালমা থেকে তাহসান, মৌসুমী হামিদ থেকে প্রীতম— এক বছরে শোবিজ অঙ্গনের কয়েকটি বিচ্ছেদের ঘটনায় শুরু হয়েছে আলোচনা, সমালোচনা। তারকাদের সংসার কেন এত ঠুনকো যে, একটুতেই ভেঙে যাচ্ছে! কী এমন ঘটছে তাদের চার দেয়ারের ভেতরে, যাতে একের পর এক ভাঙনের খবর সামনে আসছে!

তারকাদের প্রেম, বিয়ে কিংবা সংসারজীবন বরাবরই ভক্তদের আগ্রহের বিষয়। পর্দায় তাদের রোমান্টিক অভিনয়, গানে প্রেমের গল্প কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি দেখে অনেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী হন। সেই আগ্রহের বিপরীত পিঠে রয়েছে বিচ্ছেদের খবর। যে সম্পর্ক এক সময় আলোচনার কেন্দ্রে ছিল বিয়ের আনন্দে, সেই সম্পর্কের সমাপ্তির খবরও কখনো কখনো টক অব দ্য কান্ট্রি হয়ে ওঠে।

গত এক বছরে বাংলাদেশের বিনোদন অঙ্গনে এমন কয়েকটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারের অবসান, তাহসান খান ও রোজা আহমেদের বিচ্ছেদের খবর, অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানার দাম্পত্যের ইতি এবং সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের ঘোষণা— সব মিলিয়ে তারকাদের ব্যক্তিজীবনে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

তাহসান–রোজা: এক বছরের আগেই সম্পর্কে ছেদ

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ে ঘিরে শুরুতে ছিল ব্যাপক উচ্ছ্বাস। ২০২৫ সালের ৪ জানুয়ারি রূপসজ্জাশিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের প্রথম বর্ষপূর্তির সময় তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ১০ জানুয়ারি তাহসান সংবাদমাধ্যমকে জানান, তাদের বিচ্ছেদের খবর সত্যি এবং তারা বেশ কিছুদিন ধরেই আলাদা আছেন। তবে বিচ্ছেদের কারণ নিয়ে প্রকাশ্যে বিস্তারিত বলতে চাননি তিনি। 

তাহসানের প্রথম স্ত্রী অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। তাদের বিয়ে হয়েছিল ২০০৬ সালে এবং বিচ্ছেদ হয় ২০১৭ সালে। দ্বিতীয় বিয়ের এক বছরের মাথায় আবার বিচ্ছেদের খবর প্রকাশিত হওয়ায় ঘটনাটি বিশেষভাবে আলোচিত হয়। এই ঘটনার পর পেশাগত সংগীত ও অভিনয়জীবন থেকে একপ্রকার বিরতি টানেন তাহসান। 

প্রীতম–শেহতাজ: বিচ্ছেদের ঘোষণায় তোলপাড়

সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী-গায়িকা শেহতাজ মনিরা হাশেমের পর্দার পরিচয় থেকে প্রেম ও পরে বিয়ের ঘটনায় ভক্তরা খুশি হয়েছিলেন। প্রায় চার বছর দাম্পত্যজীবনের পর সম্প্রতি দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্ট দিয়ে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত জানান। তাদের বক্তব্যে পারস্পরিক বোঝাপড়ার বড় পার্থক্যের কথা উঠে আসে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হয় এই বিচ্ছেদ নিয়ে। 

সালমার সংসারে দ্বিতীয় ভাঙন

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারের সমাপ্তির খবর আসে ২০২৫ সালের শেষ দিকে। ২০১৮ সালে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেছিলেন তিনি। সাত বছরের দাম্পত্যের পর দুজনের বিচ্ছেদ হয়। ৩০ ডিসেম্বর সালমা নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। বিচ্ছেদের কারণ হিসেবে সানাউল্লাহ নূর সাগর পারস্পরিক মতের অমিল, চিন্তাভাবনা ও মানসিকতার দূরত্বের কথা উল্লেখ করেন। অন্যদিকে সালমা জানান, তিনি ব্যক্তিগত অধ্যায় পেছনে ফেলে সংগীতে মনোযোগ দিতে চান। 

সালমার প্রথম সংসারও টেকেনি। ২০১১ সালে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন তিনি; সেই সংসারের বিচ্ছেদ ঘটে ২০১৬ সালে। 

মৌসুমী হামিদ– রানা: এক আকস্মিক  ভাঙন

২০২৪ সালের ১২ জানুয়ারি লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। বিয়ের সময় তাদের সম্পর্কের পেছনে ছিল দীর্ঘ পরিচয় ও দুই পরিবারের সম্মতি।

কিন্তু ২০২৬ সালের মার্চে তাদের আলাদা থাকার খবর প্রকাশিত হয়। মৌসুমী সংবাদ মাধ্যমকে জানান, বছরের শুরুতেই তাদের দাম্পত্যের অবসান ঘটে। জুলাইয়ে নতুন স্বামীকে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কথাও জানান তিনি। 

কেন এত বিচ্ছেদ! এই প্রশ্নের সহজ উত্তর নেই। সাম্প্রতিক ঘটনাগুলো থেকে কয়েকটি প্রবণতা চোখে পড়ে।

যেমন ব্যক্তিগত সিদ্ধান্ত প্রকাশের ধরন বদলেছে। আগে অনেক তারকা বিচ্ছেদের বিষয়টি দীর্ঘদিন আড়ালে রাখতেন। এখন কেউ কেউ নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধান্তের কথা জানান। তারকাদের ব্যক্তিগত জীবনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, পোস্ট কিংবা একসঙ্গে উপস্থিত না থাকার মতো বিষয় থেকেই অনেক সময় গুঞ্জন শুরু হয়। কোনো কোনো ক্ষেত্রে গুঞ্জনই সত্যি হয়। 

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সালমা ও সানাউল্লাহ নূর সাগরের বক্তব্যে মানসিকতার দূরত্ব ও মতের অমিলের কথা এসেছে। প্রীতম ও শেহতাজও পারস্পরিক বোঝাপড়ার পার্থক্যের কথা জানিয়েছেন। অন্যদিকে তাহসান–রোজার ক্ষেত্রে বিচ্ছেদের কারণ সম্পর্কে প্রকাশ্যে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এ ক্ষেত্রেও অনুমান করা যায় যে, দুজনের মতের অমিল বা লাইফস্টাইল নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী সাধারণ মানুষের মধ্যে বিয়ে বিচ্ছেদের প্রবণতা বেড়েছে, এ ক্ষেত্রে তারকারাও এর বাইরে নন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com