‘গল্পটা শেষ, কিন্তু সেই ছেলেটা এখনো ওখানেই দাঁড়িয়ে আছে’: নস্টালজিক পলাশ


বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 11-11-2026

‘গল্পটা শেষ, কিন্তু সেই ছেলেটা এখনো ওখানেই দাঁড়িয়ে আছে’:  নস্টালজিক পলাশ
দীর্ঘ ৯ বছরের পথচলার অবসান ঘটিয়ে শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং; আবেগাপ্লুত অভিনেতা জিয়াউল হক পলাশ

       দীর্ঘ নয় বছরের এক অবিস্মরণীয় যাত্রার অবসান ঘটাল দেশের ইতিহাসের অন্যতম দর্শকপ্রিয় ও আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। সম্প্রতি শেষ হয়েছে নাটকটির পঞ্চম সিজনের শেষ অংশের শুটিং। পর্দার অন্তরালের এই বিদায়ের মুহূর্তটি শুধু দর্শককেই নয়, বরং গভীরভাবে নাড়া দিয়েছে এর সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীদেরও। বিশেষ করে ধারাবাহিকটির অন্যতম প্রধান ও জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’-খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ নস্টালজিক হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাঁর দীর্ঘ পথচলার অন্তহীন স্মৃতির কথা।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন পলাশ। সেখানে তিনি ফিরে যান নাটকের একেবারে শুরুর দিনগুলোতে।

যেখান থেকে শুরু হয়েছিল সব: রাজধানীর লালমাটিয়ার একটি পরিচিত রাস্তা, গাছতলা আর চেনা বিকেলের স্মৃতিচারণা করে পলাশ লেখেন, “এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, এই গাছতলা, এই চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত!”

শুরুর দিনগুলোর কথা মনে করে অভিনেতা জানান, যাত্রা শুরু করার সময় এটি তাঁদের কাছে সাধারণ একটি নাটকের গল্প মাত্র ছিল। কিন্তু দেখতে দেখতে পার হয়ে গেছে দীর্ঘ ৯টি বছর। বদলেছে ঋতু, চারপাশের অনেক কিছু। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের ভালোবাসায় যেমন বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’, তেমনই এই অভিনয়ের যাত্রায় অজান্তেই বড় হয়ে উঠেছেন তিনি নিজেও।

জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা: ধারাবাহিকটির সঙ্গে কাটানো সোনালী দিনগুলোর কথা বলতে গিয়ে পলাশ বলেন, একটি কাল্পনিক গল্পের ভেতর মানুষ কীভাবে নিজের বাস্তব জীবনকে জড়িয়ে ফেলতে পারে, তার জ্বলন্ত প্রমাণ এই সিরিজটি। অসংখ্য ভোরের শুটিং, নির্ঘুম রাত, সহকর্মীদের সঙ্গে হাসি-আনন্দ, মান-অভিমান আর স্নেহের মুহূর্তগুলো কখন যে জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তা তাঁরা বুঝতেই পারেননি। স্মৃতির ভার প্রকাশ করে তিনি লিখেছেন, “এত স্মৃতি কোথায় রাখি? কোন বাক্যে ধরি এতগুলো বছর? কোন শব্দ দিয়ে বোঝাই, এই পথটুকু আমার কাছে কতখানি?”

বিদায়ের অন্তিম মুহূর্ত ও কাবিলার না বলা কথা: পোস্টের শেষাংশে নস্টালজিয়া ও ভালোবাসার মিশেলে বিদায়ের সুর টেনে অভিনেতা লেখেন, “মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়। অথচ কোথাও একটা গাছতলা থেকে যায়। একটা রাস্তা থেকে যায়। কিছু মানুষের হাসির শব্দ বাতাসে মিশে থাকে।”

সবশেষে শুরুর দিনের সেই তরুণ অভিনেতার স্মৃতি টেনে পলাশ লিখেছেন সেই হূদয়ছোঁয়া লাইনটি— “গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।”

উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে যাত্রা শুরু করেছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকেই অভাবনীয় জনপ্রিয়তা অর্জন করে এই ধারাবাহিকটি। এর প্রতিটি চরিত্র—যেমন কাবিলা, শুভ, হাবু, পাশা, রোকেয়া ও অন্তরা—দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছে। বিশেষ করে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলা ‘কাবিলা’ চরিত্রের মাধ্যমে দেশ ও দেশের বাইরে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন জিয়াউল হক পলাশ। দীর্ঘ ৯ বছরের এই পথচলা শেষে ব্যাচেলর পয়েন্টের ইতি টানায় শোবিজ অঙ্গনে এখন বইছে বিষাদের সুর।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com