সহকর্মী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেট পরিধান নিয়ে যখন আইনি বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই নেটদুনিয়ায় নতুন করে চর্চায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে দীপিকার পরা একটি বিশেষ গয়নার ছবি, যেটিতে আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ (যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’)।
কান উৎসবে দীপিকার সেই সাজ: ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। ওই মেগা ইভেন্টে ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা ‘ট্রপিক অব ক্যালকাটা’ কালেকশনের একটি বিশেষ গয়না পরেছিলেন তিনি। সব্যসাচীর রত্নপাথর ও অপরিশোধিত হীরা দিয়ে তৈরি ‘লখনউ রোজ’ নামের ওই নেকলেসের একটি পাথরে খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ কথাটি। সে সময় ফ্যাশনের অংশ হিসেবে প্রশংসিত হলেও, কারিনার সাম্প্রতিক বিতর্কের পর ছবি ও তথ্যটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
কারিনা কাপুরকে ঘিরে চলা বর্তমান বিতর্ক: মূলত গত দীপাবলিতে ভোপালের নবাব পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট পরেছিলেন কারিনা কাপুর খান, যাতে পবিত্র কোরআনের বিখ্যাত আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা ছিল। এই ঘটনার জেরে গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ ব্যক্তিগত অবস্থান থেকে কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র ধর্মীয় আয়াত ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়ে ছবি ও ভিডিও অপসারণ এবং ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
যদিও এই বিতর্কের মাঝে ভোপালের হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের মতো কিছু সংগঠন কারিনার পাশে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছে। তবে এ বিষয়ে এখনো কারিনা বা রিয়া কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। কারিনার এই আইনি জটিলতার মাঝেই দীপিকার পুরোনো ‘ফি আমানিল্লাহ’ লকেটের ছবি নেটদুনিয়ায় নতুন আলোচনার খোরাক জুগিয়েছে।