কালীপুজো ও দীপাবলির উৎসবে টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী সোহিনী গুহ রায়কে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই টলিউড পাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। একসঙ্গে বাজি পোড়ানোর সেই বিশেষ মুহূর্তের ছবি সোহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে—তবে কি দেবের আসন্ন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টনিক ২’-এ দেবের নতুন নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে?
দেবের কাজের পরবর্তী পরিকল্পনা: সম্প্রতি বড় পর্দায় মুক্তি পাওয়া দেবের ‘দেশু ৭’ সিনেমার প্রচারণা শেষে নরওয়েতে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন এই অভিনেতা। দেশে ফিরে বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার পাশাপাশি তিনি জানান, তাঁর পরবর্তী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র প্রচারের কাজ শেষ করেই তিনি হাত দেবেন ‘টনিক ২’-এর শুটিংয়ে। দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় জুটির এই সিক্যুয়েল নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই।
সোহিনীর কৌশলী উত্তর: এদিকে সম্প্রতি জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘মৃগয়া ১.৫’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। সেখানে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রীকে দেবের সঙ্গে দীপাবলি উদ্যাপন ও নতুন সিনেমায় জুটি বাঁধা নিয়ে প্রশ্ন করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ডটকম।
উত্তরে বেশ কৌশলী ভঙ্গি বজায় রেখে সোহিনী বলেন, “আমরা একসঙ্গে দীপাবলি উদ্যাপন করেছি। তারই একটা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলাম। তার মানে এই নয় যে আমরা একসঙ্গে কাজ করছি। এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়, আশা করি এটাও সময় বলবে।”
তবে দেবের সঙ্গে কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করে তিনি যোগ করেন, “যদি সত্যিই কাজ করতে পারি, তবে খুবই উচ্ছ্বসিত হব। দেব সবার পছন্দের তারকা, দেখা যাক কী হয়।”
সোহিনীর এমন রহস্যময় ও ইতিবাচক উত্তরে তাঁদের একসঙ্গে পর্দায় দেখার গুঞ্জন আরও জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র প্রচার ও নিজের জন্মদিন উদযাপনের পর নতুন বছরেই ‘টনিক ২’-এর শুটিং শুরু করবেন দেব। এখন দেখার বিষয়, পরাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজিতে দেবের বিপরীতে সোহিনীর নাম চূড়ান্ত হয় কি না।