দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বখ্যাত গুপ্তচর চরিত্র ‘জেমস বন্ড’-এর পর্দায় নতুন মুখ হিসেবে হাজির হতে চলেছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। ড্যানিয়েল ক্রেগ অধ্যায়ের সমাপ্তির পর ০০৭ ফ্র্যাঞ্চাইজিতে প্যাটিনসনের অন্তর্ভুক্তি তাঁর অভিনয়জীবনের মুকুটে যুক্ত করতে যাচ্ছে এক দারুণ নতুন অধ্যায়। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক রবার্ট প্যাটিনসনের শৈশব, কেরিয়ারের উত্থান এবং বিশ্বজোড়া তারকা হয়ে ওঠার পেছনের অজানা গল্প।
শৈশব ও প্রাথমিক জীবন: ১৯৮৬ সালের ১৩ মে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন রবার্ট থমাস প্যাটিনসন। ছোটবেলা থেকেই তাঁর ঝোঁক ছিল অভিনয় ও সংগীতের প্রতি। মাত্র ছয় বছর বয়স থেকেই পিয়ানো ও গিটার বাজানো শেখা শুরু করেন তিনি। কিশোর বয়সে লন্ডনের ঐতিহ্যবাহী ‘বার্নস থিয়েটার কোম্পানি’র সঙ্গে যুক্ত হয়ে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন প্যাটিনসন। সেখানে ‘আওয়ার টাউন’ ও ‘ম্যাকবেথ’-এর মতো ধ্রুপদী নাটকে কাজ করার পাশাপাশি তিনি কিছুদিন মডেলিংও করেছিলেন।
বড় পর্দায় অভিষেক ও হ্যারি পটারে ব্রেক: ২০০৪ সালে ‘ভ্যানিটি ফেয়ার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। যদিও সম্পাদনার সময় ওই ছবি থেকে তাঁর অভিনীত দৃশ্যগুলো বাদ পড়েছিল। তবে একই বছর ‘রিং অব দ্য নিবেলুংস’ টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এরপরই আসে তাঁর কেরিয়ারের প্রথম বড় ও টার্নিং পয়েন্ট। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’-এ ‘সেড্রিক ডিগরি’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে সমালোচক ও দর্শকদের নজরে আসেন তিনি।
‘টোয়াইলাইট’ দিয়ে বিশ্বজোড়া তারকাদখ্যাতি: প্যাটিনসনের কেরিয়ারে সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে ২০০৮ সালে। স্টেফানি মায়ারের তুমুল জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ‘টোয়াইলাইট’ চলচ্চিত্রে রহস্যময় ভ্যাম্পায়ার ‘এডওয়ার্ড কালেন’ চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্বব্যাপী তারকার খ্যাতি অর্জন করেন তিনি। এই সিরিজের পরবর্তী চারটি সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করে তিনি তরুণ প্রজন্মের মন জয় করেন। সেই সময় সহশিল্পী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে তাঁর অন-স্ক্রিন ও অফ-স্ক্রিন রোমান্সও মিডিয়ার হট টপিক হয়ে উঠেছিল।
বাণিজ্যিক ধারা থেকে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়: ‘টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজির ব্যাপক বাণিজ্যিক সাফল্যের পর শুধু গতানুগতিক বা রোমান্টিক চরিত্রে আটকে থাকেননি প্যাটিনসন। বরং নিজের কমফোর্ট জোন ভেঙে চ্যালেঞ্জিং ও ডার্ক ঘরানার চরিত্র বেছে নেন তিনি।
২০১২ সালে ডেভিড ক্রোনেনবার্গের সাইকোলজিক্যাল ড্রামা ‘কসমোপলিস’-এ অভিনয় করে তাক লাগিয়ে দেন।
পরবর্তীতে ‘দ্য লস্ট সিটি অব জেড’, ‘গুড টাইম’ (২০১৭) এবং ‘দ্য লাইটহাউস’-এর মতো সমাদৃত চলচ্চিত্রে অভিনয় করে অভিনেতা হিসেবে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দেন। বিশেষ করে ‘গুড টাইম’ সিনেমায় এক মরিয়া ব্যাংক ডাকাতের চরিত্রে তাঁর অভিনয় সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।
এছাড়া ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত টাইম-বেন্ডিং অ্যাকশন থ্রিলার ‘টেনেট’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।
ব্যাটম্যান থেকে সরাসরি জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতে: ২০২২ সালে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিতে পা রেখে ‘দ্য ব্যাটম্যান’ চলচ্চিত্রে ব্রুস ওয়েন তথা ডার্ক নাইট ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করে বড় বাজেটের কমার্শিয়াল সিনেমাতেও নিজের অপ্রতিদ্বন্দ্বী অবস্থান জানান দেন প্যাটিনসন। এরপর ‘মিকি ১৭’, ‘ডাই, মাই লাভ’ এবং চলতি ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ড্রামা’, ‘দ্য ওডিসি’ ও ‘প্রাইমটাইম’ চলচ্চিত্রেও দেখা গেছে এই প্রতিভাবান অভিনেতাকে।
দুই দশকেরও বেশি দীর্ঘ অভিনয়জীবনে বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে নিজেকে একজন পরিপূর্ণ ও পরিণত অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন প্যাটিনসন। এবার ড্যানিয়েল ক্রেগের পদাঙ্ক অনুসরণ করে জেমস বন্ডের মতো আইকনিক চরিত্রে তিনি কীভাবে নিজেকে মেলে ধরেন এবং ০০৭ ফ্র্যাঞ্চাইজিকে নতুন কোন উচ্চতায় নিয়ে যান, এখন তারই অপেক্ষায় বিশ্বজুড়ে থাকা তাঁর কোটি কোটি ভক্ত।