নেটফ্লিক্সের বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী সিরিজ ‘স্কুইড গেম’ দিয়ে রাতারাতি আন্তর্জাতিক তারকা বনে গিয়েছিলেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী জং হো-ইয়ন। এবার তাঁকে ঘিরে শুরু হয়েছে হলিউডের অন্যতম আইকনিক ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ডের পরবর্তী ছবির ‘বন্ড–গার্ল’ হওয়ার জোর গুঞ্জন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফ্যাশন সাময়িকী ভোগ প্রকাশিত সম্ভাব্য বন্ডকন্যাদের ৪৫ জনের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
ভোগের তালিকা ও নতুন বন্ড ছবির সমীকরণ: পরবর্তী জেমস বন্ড হিসেবে জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই নতুন ছবিতে তাঁর বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি প্রকাশিত ভোগের এই তালিকা।
সাময়িকীটি ‘স্কুইড গেম’ সিরিজে জং হো-ইয়নের অনবদ্য অভিনয় এবং নির্মাতা না হং-জিনের ‘হোপ’ ছবিতে তাঁর উপস্থিতির ভূয়সী প্রশংসা করেছে। ভোগের মতে, জেমস বন্ড সিরিজের ২৬তম ছবির গল্প যদি এশিয়ায় বিস্তৃত হয়, তবে নায়িকা হিসেবে জং হো-ইয়ন হতে পারেন দারুণ এক পছন্দ। এই তালিকায় জং হো-ইয়ন ছাড়াও মার্গারেট কোয়ালি, জেনডায়া এবং ফ্লোরেন্স পিউয়ের মতো প্রথম সারির হলিউড অভিনেত্রীরা রয়েছেন।
উল্লেখ্য, জেমস বন্ড সিরিজের ২৬তম ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ খ্যাত নির্মাতা ডেনিস ভিলনভ এবং এর চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। এর আগে ১৯৯৭ সালে ‘টুমরো নেভার ডাইস’ ছবিতে মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো বন্ডকন্যার চরিত্রে অভিনয় করলেও এখন পর্যন্ত কোনো কোরীয় অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করেননি। জং হো-ইয়ন চূড়ান্ত হলে তিনিই হবেন ইতিহাসের প্রথম কোরীয় বন্ড–গার্ল। তবে ভোগের এই তালিকাটি সম্পূর্ণ সাময়িকীটির নিজস্ব সম্ভাব্যতা যাচাই; প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম স্টুডিওস থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কে এই জং হো-ইয়ন: ১৯৯৪ সালের ২৩ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন জং হো-ইয়ন। অভিনয় জগতে পা রাখার আগেই আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে মডেলিং ক্যারিয়ার শুরু করা জং হো-ইয়ন ২০১৩ সালে ‘কোরিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতার চতুর্থ আসরে রানারআপ হওয়ার পর বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর নজরে আসেন।
পরবর্তী সময়ে লুই ভিতোঁ, শ্যানেল, ফেন্ডি ও মিউ মিউয়ের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের হয়ে র্যাম্প মাতিয়েছেন তিনি। ২০২১ সালে ‘স্কুইড গেম’-এর প্রথম মৌসুমে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ‘কাং সে-বিয়ক’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয়ে অভিষেক হয় এবং বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পান। এই চরিত্রে অভিনয়ের জন্য ২০২২ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডে টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন তিনি। এরপর খ্যাতিমান নির্মাতা আলফনসো কুয়ারনের ‘ডিসক্লেইমার’ সিরিজে অভিনয় করেন এবং এ বছর ‘হোপ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর, যা ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগেও জায়গা করে নিয়েছে।