১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০১:২৫:৪৫ পূর্বাহ্ন


আড়ংয়ে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আইনি নোটিশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৫ ২১:২৩:০৮
আড়ংয়ে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আইনি নোটিশ ছবি: সংগৃহীত


কেনাকাটার পর কাগজের শপিং ব্যাগের জন্য অতিরিক্ত দাম নেওয়া বন্ধ করতে আড়ং-কে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি। রবিবার (১৫ মার্চ) জনস্বার্থে এই নোটিশটি বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ক্রেতাদের বিনামূল্যে শপিং ব্যাগ দেওয়া বন্ধ করে সেগুলোর জন্য আলাদা মূল্য আদায় করছে। আইনজীবীর মতে, এই প্রক্রিয়াটি ভোক্তা অধিকার ও প্রচলিত ব্যবসায়িক নীতির পরিপন্থী। আড়ংয়ের এমন পদক্ষেপ দেখে অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানও ক্রেতাদের ওপর ব্যাগের দাম চাপিয়ে দিতে উৎসাহিত হতে পারে, যা সাধারণ ভোক্তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে।

রেজিস্ট্রি ডাকে পাঠানো এই নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে আড়ংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। এই সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে জনস্বার্থে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী সাদ্দাম হোসেন অভি।