১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৫:২৮:৩৯ পূর্বাহ্ন


মেসির ৯০০ তম গোলের দিনে ইন্টার মিয়ামির বিদায়
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৬:৩৬:২৭
মেসির ৯০০ তম গোলের দিনে ইন্টার মিয়ামির বিদায় ছবি: সংগৃহীত


ফুটবল জাদুকর লিওনেল মেসি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ৯০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন। গতকাল (১৮ মার্চ) কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ১৬-র দ্বিতীয় লেগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে জালের দেখা পেয়ে তিনি এই ইতিহাস গড়েন। তবে মেসির এই ব্যক্তিগত অর্জন ছাপিয়ে গেছে ইন্টার মিয়ামির বিদায়ের বিষাদ। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় অ্যাওয়ে গোলের সুবিধায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ন্যাশভিল, আর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মিয়ামি।

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৭ মিনিটেই গোল করে মিয়ামিকে এগিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু ৭৪ মিনিটে ক্রিস্টিনা এসপিনোজার সমতাসূচক গোলের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ফ্লোরিডার দলটি। ২০২৩ সালে মিয়ামিতে যোগ দেওয়ার পর এটি ছিল মেসির ৮১তম গোল। এছাড়া বার্সেলোনার হয়ে ৬৭২টি, পিএসজিতে ৩২টি এবং আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে ১১৫টি গোল করেছেন এই কিংবদন্তি। ২০০৫ সালে আলবাসেতের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে শুরু হওয়া গোলের মিছিল আজ ৯০০-র ঘরে পৌঁছাল।

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি এখন দ্বিতীয় স্থানে রয়েছেন। তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ৯৬৫ গোল নিয়ে বর্তমানে সবার শীর্ষে অবস্থান করছেন। মাইলফলক ছোঁয়ার রাতে দলের জয় না পাওয়ায় মেসির জন্য এই অর্জন কিছুটা আক্ষেপের হয়েই থাকল।