১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৫:২৮:০৬ পূর্বাহ্ন


বাংলাদেশ চাম্পিয়ন হওয়ায় স্পিকারের অভিনন্দন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৪ ১৬:৪৪:০৩
বাংলাদেশ চাম্পিয়ন হওয়ায় স্পিকারের অভিনন্দন ছবি: সংগৃহীত


সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জয় করায় বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস গড়েছে।

ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত গোল সমতায় থাকায় খেলা গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ দল ভারতকে স্তব্ধ করে দেয়। এই গৌরবময় বিজয়ে স্পিকার এক অভিনন্দন বার্তায় অনূর্ধ্ব-২০ দলের সকল খেলোয়াড়, প্রধান কোচ, কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের ফুটবলে এই অর্জন যুবকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করবে। তিনি বিশ্বাস করেন, মাঠের এই লড়াকু মানসিকতা ও নৈপুণ্য ধরে রেখে আগামীদিনেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ফুটবল দলের জয়ের এই ধারা অব্যাহত থাকবে। খুদে টাইগারদের এই অভাবনীয় সাফল্যে দেশজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।