১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০১:৩২:৩৯ পূর্বাহ্ন


বাংলাদেশের সাফ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৪ ১৬:৪৬:২০
বাংলাদেশের সাফ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন ছবি: সংগৃহীত


সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ্বাসরুদ্ধকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কিশোর ফুটবলারদের এই অভাবনীয় সাফল্যে দেশজুড়ে বইছে আনন্দের জোয়ার।

এই ঐতিহাসিক বিজয়ের পর অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি খেলোয়াড়দের অদম্য সাহস ও টিম স্পিরিটের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেন যে, বর্তমান সরকার ক্রীড়াকে কেবল বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, “তরুণদের এই অসামান্য সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে নতুনভাবে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের এই সাহসী তরুণরা প্রমাণ করেছে যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে ও বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

ম্যাচটিতে নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তীব্র লড়াই চললেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। টানা দ্বিতীয় শিরোপা জিতে মাঠ ছাড়ায় ফুটবলপ্রেমীদের প্রত্যাশা এখন আরও আকাশচুম্বী। প্রধানমন্ত্রীর এই অনুপ্রেরণামূলক বার্তা খেলোয়াড়দের আগামী দিনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে আরও ভালো করতে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গও এই জয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন।