১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৫:২৮:০৮ পূর্বাহ্ন


চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল
আদালত প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-২৩ ১৪:৪২:৫৭
চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চিত্রনায়ক সালমান শাহ I ছবি: সংগৃহীত


জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের পূর্বের আদেশটি বাতিল করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এই মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে একটি আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর আবেদনটি মঞ্জুর করেন এবং পূর্বের আদেশটি বাতিল ঘোষণা করেন। এই তথ্যটি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। শুনানির সময় মামলার বাদী আলমগীর কুমকুম নিজেই আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পার হয়ে গেছে। এত দীর্ঘ সময় পর তাঁর মরদেহ কবর থেকে উত্তোলন করে কার্যকর কোনো আলামত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। উল্টো এই উদ্যোগের ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা সংঘর্ষের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আবেদনের প্রেক্ষিতে উল্লেখ করা হয়, সালমান শাহকে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। ফলে তাঁর মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি স্থানীয়ভাবে ব্যাপক বাধা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি করতে পারে। এ বিষয়ে সালমান শাহর মা নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী) এবং মামলার বাদী আলমগীর কুমকুম উভয়েরই তীব্র আপত্তি রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘ ২৯ বছর ধরে নানা জল্পনা-চলছে। পরবর্তীতে গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে একই আদালত সালমান শাহের মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছিলেন, যা আজ বাতিল করা হলো। এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়েছে।