জরুরি ভিত্তিতে ১ ঘণ্টার মধ্যে কেওয়াইসি, লেনদেন ও স্টেটমেন্ট পাঠাতে ব্যাংকগুলোকে বিএফআইইউর কড়া নির্দেশ
বিতর্কিত ও বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য এবং লেনদেনের যাবতীয় বিবরণ তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো এক জরুরি ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব সংক্রান্ত সব নথি পাঠানোর নির্দেশ দেয় আর্থিক অপরাধ পর্যবেক্ষণকারী এই প্রতিষ্ঠানটি। ই-মেইলে বিষয়টিকে ‘উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত’ (High Priority) হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিএফআইইউর প্রেরিত বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের তথ্য, হিসাব খোলার আবেদন ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং ব্যাংক স্টেটমেন্ট বা লেনদেনের বিবরণী জমা দেওয়ার জন্য ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সাথে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনার মাত্র ১ ঘণ্টার মধ্যে ‘গোএমএল’ (goAML) মেসেজ বোর্ডের মাধ্যমে কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি সংযুক্ত এক্সেল শিটে তার হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য, প্রতিটি হিসাবের অর্জিত সুদ আয় এবং উৎসে কর (টিডিএস) সংক্রান্ত বিস্তারিত বিবরণী নির্ভুলভাবে পূরণ করে পাঠানোর জন্য বাধ্যবাধকতা আরোপ করা হয়।
আর্থিক তথ্যের স্পর্শকাতরতা বজায় রাখতে বিএফআইইউর পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উদ্ধৃত করে পুরো প্রক্রিয়ার গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করার নির্দেশও দিয়েছে সংস্থাটি।