১১ নভেম্বর ২০২৬, বুধবার, ০৯:১৮:০০ অপরাহ্ন


ফুটবলে এআই চশমা: এমবাপ্পে দেখছেন নিজের ভুল, হলিউডকে ছাড়িয়ে গেল আর্সেনাল
ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-১১ ১৬:২৬:৩১
ফুটবলে এআই চশমা: এমবাপ্পে দেখছেন নিজের ভুল, হলিউডকে ছাড়িয়ে গেল আর্সেনাল স্মার্ট চশমা ব্যবহার করে অনুশীলনের ভুলত্রুটি বিশ্লেষণ করছেন কিলিয়ান এমবাপ্পে I


মেটা ও ওকলের যৌথ উদ্যোগে তৈরি এআই-সমর্থিত স্মার্ট চশমা ব্যবহার করে পারফরম্যান্স বিশ্লেষণ করছেন কিলিয়ান এমবাপ্পে; মাঠের বাইরে আলোচনায় আর্সেনালের হলিউড ধাঁচের প্রচারণাপদ্ধতি

        ফুটবলারদের চোখে সানগ্লাস বা চশমা দেখার বিষয়টি একসময় কেবল ফ্যাশন কিংবা চোখের সুরক্ষার মাঝেই সীমাবদ্ধ ছিল। অতীতে এডগার ডেভিডস বা ড্যানিয়েল ভেট্টোরির মতো তারকারা চিকিৎসাজনিত কারণে চশমা পরে খেললেও, বর্তমান প্রযুক্তির যুগে সেই ধারণা সম্পূর্ণ বদলে গেছে। চশমার ফ্রেমে ক্যামেরা, স্পিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং পারফরম্যান্স বিশ্লেষণের প্রযুক্তি যুক্ত করে ফুটবলে এক নতুন বিপ্লব ঘটিয়েছে প্রখ্যাত ব্র্যান্ড ‘ওকলে’ (Oakley)। আর এই আধুনিক অভিযাত্রায় বর্তমানে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।

এমবাপ্পের চোখে এআই চশমা ও পারফরম্যান্স বিশ্লেষণ: ২০২২ সাল থেকে ওকলের বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন কিলিয়ান এমবাপ্পে। এরই ধারাবাহিকতায় মেটার সঙ্গে যৌথভাবে তৈরি এআই-সমর্থিত নতুন স্মার্ট চশমা ‘মেটা ভ্যানগার্ড’ ব্যবহার শুরু করেছেন তিনি। এই চশমাটিতে রয়েছে ওকলির সিগনেচার প্রিজম লেন্স, ১২ মেগাপিক্সেলের বিল্ট-ইন ক্যামেরা এবং গান শোনা বা কথা বলার জন্য উন্নত স্পিকার। স্মার্টওয়াচের সঙ্গে যুক্ত করা যাওয়ার এই ডিভাইসের মাধ্যমে অনুশীলনের সময় নিজের দৃষ্টিভঙ্গি থেকেই সরাসরি মুহূর্ত ধারণ করতে পারছেন এই ফরাসি ফরোয়ার্ড।

চশমাটির কার্যকারিতা নিয়ে এমবাপ্পে জানান, হ্যান্ডস-ফ্রি ক্যামেরার সাহায্যে ফোন বের করার ঝামেলা ছাড়াই স্লো মোশনে ড্রিবলিং ও শুটিংয়ের দৃশ্য ধারণ করা সম্ভব হচ্ছে। এর ফলে নিজের শারীরিক নড়াচড়া, দৌড় বা শট নেওয়ার ছোট্ট ভুলত্রুটিগুলো নিখুঁতভাবে পর্যালোচনা করতে পারছেন তিনি। মাঠের বাইরে থেকে যেসব বিষয় আগে খালি চোখে ধরা পড়ত না, এআই চশমার কল্যাণে তা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে নিজের খেলায় দ্রুত উন্নতি আনছেন এমবাপ্পে।

হলিউডকে ছাড়িয়ে গেল আর্সেনালের প্রচারণা: ওকলির এই ফুটবল অভিযানের বড় একটি অংশ জুড়ে রয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। সম্প্রতি ‘উই গো এগেইন’ নামের একটি প্রচারমূলক ভিডিওর মাধ্যমে দুই পক্ষের অংশীদারত্ব নতুন মাত্রা পেয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মিডফিল্ডার ডেক্লান রাইস স্মার্ট চশমা পরে উত্তর লন্ডনের রাস্তায় দৌড়াচ্ছেন, যা ২২ বছর পর আর্সেনালের ট্রফি জয়ের আনন্দ ও সমর্থকদের আবেগকে জীবন্ত করে তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হওয়া এই ভিডিও দেখে এক ভক্ত মন্তব্য করেছিলেন, “হ্যাঁ...আর্সেনালের মিডিয়া টিম সত্যি বলতে হলিউড পর্যায়ের!”

আর্সেনালের চিফ রেভিনিউ অফিসার ওমার শেখ জানিয়েছেন, সমর্থকদের সম্পৃক্ত করতে এবং বড় পরিসরে ক্লাবের ভাবমূর্তি তুলে ধরতে মেটা ও ওকলির সঙ্গে এই প্রযুক্তিগত অংশীদারত্ব অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, ওকলির তারকাদূতদের তালিকায় এমবাপ্পে ও আর্সেনালের ফুটবলার ছাড়াও রয়েছেন অ্যালিসিয়া রুশো, আলেক্সিয়া পুতেয়াস, এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস এবং ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি। প্রযুক্তি ও ফুটবলের এই অভিনব মেলবন্ধন আগামী দিনে খেলাধুলাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের।