১১ নভেম্বর ২০২৬, বুধবার, ০৯:১৬:৪৪ অপরাহ্ন


এক বাটি নুডলস শেয়ার করার রোমান্টিক দৃশ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলল!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-১১ ১৬:৪৪:৩৭
এক বাটি নুডলস শেয়ার করার রোমান্টিক দৃশ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলল! পাকিস্তানি নাটক ‘দার–ই–নিজাত’-এ আবু বকর ও জারিয়াব I ছবি: সংগৃহীত


শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিমের রসায়নে মুগ্ধ দর্শক; আবু বকর ও জারিয়াবের মিষ্টি জুটির নাম দেওয়া হয়েছে ‘আবজার’

      পাকিস্তানি নাটক মানেই চিরায়ত মনস্তাত্ত্বিক টানাপোড়েন, বিশ্বাসভঙ্গ আর মান-অভিমানের নানা হিসাব-নিকাশ। তবে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে জনপ্রিয় নাটক ‘দার–ই–নিজাত’-এর গল্পে এল বহু প্রতীক্ষিত প্রেমের ছোঁয়া। নাটকটির কেন্দ্রীয় চরিত্র আবু বকর ও জারিয়াবের মিষ্টি রসায়ন এবং খুনসুটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বিশেষ করে একটি সাধারণ বাটিতে একসঙ্গে নুডলস খাওয়ার একটি দৃশ্য দর্শকদের মনে গভীর দাগ কেটেছে।

২৮তম পর্বের রোমান্টিক মুহূর্ত: গত ৬ নভেম্বর প্রচারিত নাটকটির ২৮তম পর্বে দেখা যায়, সব বাধা ও মানসিক অবসাদ পেরিয়ে একসঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন আবু বকর ও জারিয়াব। দুজনের হালকা চালের হাসি-ঠাট্টা আর মিষ্টি কথোপকথন মুহূর্তেই মন কেড়েছে দর্শকদের। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে এক বাটি নুডলস খাওয়ার দৃশ্যটি নিয়ে। যেখানে কোনো অতিরিক্ত জাঁকজমক ছাড়াই অত্যন্ত স্বাভাবিক ও চমৎকার উপায়ে একটি সাধারণ মুহূর্তকে রূপান্তর করা হয়েছে নিখাদ রোমান্সে।

এছাড়া নাটকের আরেকটি দৃশ্যে জারিয়াবকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার প্রস্তাব দেয় আবু বকর। দর্শকদের মতে, শপিং করার চেয়ে স্ত্রীর সঙ্গে নিভৃতে আরও কিছুটা সময় কাটানোই ছিল তাঁর আসল উদ্দেশ্য।

জারিয়াবের ঘুরে দাঁড়ানোর গল্প: নাটকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াব চরিত্রে নজর কেড়েছেন দুরেফিশান সেলিম। শুরু থেকেই তাঁদের সম্পর্কের পথ সহজ ছিল না। শৈশবের পরিচিত জামিল (নামির নওয়াজ খান)-এর বিশ্বাসঘাতকতা ও মানসিক আঘাতে একসময় জারিয়াবের জীবনের সমস্ত প্রাণচাঞ্চল্য হারিয়ে গিয়েছিল। সেই গভীর ক্ষত ও বিপর্যয় কাটিয়ে জারিয়াবের জীবনে আশার আলো হয়ে আসে আবু বকর। অতীতের কোনো বিচার না করে অপরিসীম ধৈর্য, ভালোবাসা ও সম্মান দিয়ে জারিয়াবের পাশে দাঁড়িয়েছেন তিনি। আবু বকরের এই আচরই যেন জারিয়াবের নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প বলে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটিকে ভক্তরা ভালোবেসে নাম দিয়েছেন ‘আবজার’ (আবু বকর + জারিয়াব)। নাটকের বিভিন্ন ক্লিপ ও রোমান্টিক দৃশ্য এডিট করে টিকটক, ইনস্টাগ্রাম রিলস ও ফেসবুকে শেয়ার করছেন ভক্তরা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে।