১১ নভেম্বর ২০২৬, বুধবার, ০৯:১৮:১০ অপরাহ্ন


‘প্রেমিক-প্রেমিকার মতো ঘোরাঘুরি করার সুযোগ পাইনি’: আসিফ আকবরের স্ত্রীর আক্ষেপ
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-১১ ১৭:৫০:০৯
‘প্রেমিক-প্রেমিকার মতো ঘোরাঘুরি করার সুযোগ পাইনি’: আসিফ আকবরের স্ত্রীর আক্ষেপ ছবি: সংগৃহীত


ফেসবুক পোস্টে ২০২১ সালের পুরোনো স্মৃতিচারণা করলেন সালমা আসিফ; ব্যস্ততা ও জনপ্রিয়তার কারণে একসঙ্গে সময় কাটানোর সীমাবদ্ধতার কথা প্রকাশ

      দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে প্রেমের দিনগুলোতে কিংবা বিয়ের পরেও সাধারণ প্রেমিক-প্রেমিকাদের মতো ঘুরে বেড়ানো, সিনেমা দেখা বা পার্কে যাওয়ার সুযোগ খুব একটা পাননি তাঁর স্ত্রী বেগম সালমা আসিফ। এমনকি স্বামী জনপ্রিয় গায়ক হওয়ার সুবাদে একসঙ্গে বাইরে খাওয়া কিংবা কেনাকাটা করার মতো সাধারণ আনন্দগুলোও ছিল সীমিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২১ সালের একটি পুরোনো ছবি শেয়ার করে স্বামীর সঙ্গে কাটানো সেই দিনগুলোর স্মৃতির রোমন্থন করেছেন তিনি।

আজ বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ২০২১ সালের ঠিক এই দিনের একটি স্মৃতি সবার সঙ্গে ভাগ করে নেন সালমা আসিফ। প্রকাশিত সেই পুরোনো ছবিতে দুই সন্তানকে সঙ্গে নিয়ে হাসিমুখে একসঙ্গে দেখা গেছে আসিফ আকবর ও তাঁর স্ত্রীকে।

ফেসবুক পোস্টে যা লিখেছেন সালমা আসিফ: স্মৃতিচারণা করে পোস্টে সালমা আসিফ লেখেন, “আমি আর আসিফ আকবর প্রেম করার সময় অন্য প্রেমিক-প্রেমিকার মতো ঘোরাঘুরি করার মতো সুযোগ পাইনি। দূরে থাক সিনেমা দেখা পার্কে যাওয়া।”

স্বামীর তুমুল জনপ্রিয়তা এবং ব্যস্ত জীবনযাত্রার কারণে পরবর্তী সময়েও একসঙ্গে সময় কাটানোর সুযোগ যে আরও কমে গিয়েছিল, সেকথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “আর গায়ক পদবি বা পরিচিত হওয়ার পর আরও হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। তবে রণ-রুদ্র (দুই ছেলে) মিস করত। বিভিন্নভাবে অনেক বুঝিয়ে তাদের ইচ্ছাকে দমিয়ে রাখতাম। ২১ সালের আজকের দিন আমাদের একসঙ্গে পাসপোর্ট রিনিউ করতে যাওয়ায় একটু সুযোগ হয়ে গেল।”

মূলত ২০২১ সালের ১১ নভেম্বর আসিফ আকবরের সঙ্গে যৌথভাবে পাসপোর্ট নবায়ন করতে যাওয়ার সুবাদেই সেদিন পরিবার নিয়ে কিছুটা সময় একসঙ্গে কাটানোর সুযোগ পেয়েছিলেন তাঁরা। দীর্ঘ চার বছর পর সেই বিশেষ মুহূর্তটিই আবার ভক্ত ও শুভানুধ্যায়ীদের স্মরণ করিয়ে দিলেন শিল্পীর স্ত্রী।