১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:২৯:০৮ অপরাহ্ন


মঞ্চে টিকটকার মামুন, সমালোচনার ঝড়!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-১২ ১৭:২০:২৪
মঞ্চে টিকটকার মামুন, সমালোচনার ঝড়! ছবি: সংগৃহীত


তিতাসের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে তাদের ডাকা হয়নি বলে দাবি আয়োজকদের; জানাজানি হওয়ার পর মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়

         কুমিল্লার তিতাস উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বিতর্কিত টিকটকার মামুন ও তাঁর এক সঙ্গিনীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে তাদের মতো বিতর্কিত ব্যক্তিদের অতিথি হিসেবে উপস্থাপন করায় প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহলসহ বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী।

তবে আয়োজক কমিটি এবং অতিথিদের দাবি, তাঁদের আনুষ্ঠানিকভাবে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তাঁদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

ঘটনার পেছনের প্রেক্ষাপট: গত মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বার্ষিক শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বালুয়াকান্দি গ্রামের প্রবাসীদের নিজস্ব অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পদক বিতরণ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা রাখা হয়।

বিদ্যালয়ের দাতা সদস্য ও সিঙ্গাপুরপ্রবাসী মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়: অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তাঁর সঙ্গিনীর উপস্থিতির ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। বিশেষ করে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানের মঞ্চে এ ধরনের ব্যক্তিদের উপস্থিতি ভবিষ্যৎ প্রজন্মের মনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

সৈয়দ আনোয়ার নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “শিক্ষার্থীদের সংবর্ধনায় টিকটকার বিতর্কিত অতিথি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী বার্তা?” তিনি উল্লেখ করেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণের জায়গা নয়, বরং ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পাওয়ারও স্থান।

অপর এক ব্যবহারকারী ইয়াসিন লিখেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্র মঞ্চে সস্তা জনপ্রিয়তাকে গুরুত্ব না দিয়ে আদর্শ ও নৈতিকতাসম্পন্ন ব্যক্তিদের সামনে তুলে ধরা উচিত।

আয়োজক ও অতিথিদের সাফাই: টিকটকারদের উপস্থিতি নিয়ে তৈরি হওয়া বিতর্কের মুখে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন আয়োজকরা। অনুষ্ঠানের সভাপতি মো. আক্তার হোসেন ও প্রধান শিক্ষক মো. আমির হোসেন দাবি করেন, তাঁরা টিকটকার মামুন বা তাঁর সঙ্গিনীকে চেনেন না এবং তাঁদের কোনো আমন্ত্রণও জানাননি। তাঁরা অনুষ্ঠানের কোনো অতিথিও ছিলেন না। তবে তাঁরা কীভাবে এলেন—এমন প্রশ্নের জবাবে সভাপতি জানান, সৌদি প্রবাসী মোশাররফ নামের এক পরিচিত ব্যক্তির মাধ্যমে হয়তো তাঁরা এসেছিলেন।

অন্যদিকে, অনুষ্ঠানের প্রধান অতিথি মাজেদুল ইসলাম মন্টু ও বিশেষ অতিথি তন্ময় হাসান কাজল জানান, তাঁরা প্রথমে মামুনকে চিনতে পারেননি। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তাঁরা মঞ্চে উঠলে পরিচয় জানা যায়। বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তাঁদের মঞ্চ থেকে নেমে যেতে বলা হয় এবং তাঁরা দ্রুত মঞ্চ ত্যাগ করেন।