তুরস্ক ও যুক্তরাজ্যে দুই বছরের গবেষণায় উঠে এসেছে বিশ্বাসের মনস্তত্ত্ব; দুর্নীতির ধারণা, কর্তৃত্ববাদী মনোভাব ও সামাজিক বাস্তবতার প্রভাব নিয়ে নতুন বিশ্লেষণ
কেউ বিশ্বাস করেন, কালো বিড়াল রাস্তা পার হলে অমঙ্গল হতে পারে; কেউ মনে করেন, মানুষের রক্তের গ্রুপ অনুযায়ী খাবার নির্বাচন করা উচিত; আবার কারও ধারণা, ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগের প্রমাণ সাধারণ মানুষের কাছ থেকে গোপন রাখা হচ্ছে। আপাতদৃষ্টিতে এসব বিশ্বাসের মধ্যে মিল না থাকলেও গবেষণায় দেখা গেছে, এ ধরনের ধারণায় বিশ্বাসী মানুষের মধ্যে কিছু মানসিক প্রবণতার মিল রয়েছে। প্রশ্ন হলো, কুসংস্কার ও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস কি মানুষের ব্যক্তিত্বের অংশ, নাকি চারপাশের সামাজিক ও রাজনৈতিক পরিবেশও এমন বিশ্বাস তৈরিতে ভূমিকা রাখে?
দুই দেশের মানুষের ওপর দুই বছরের পর্যবেক্ষণ: সম্প্রতি প্রকাশিত দুই বছরের একটি গবেষণায় এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন গবেষকেরা। পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বুলেটিন সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় নেতৃত্ব দেন তুরস্কের ইয়াশার বিশ্ববিদ্যালয়ের গবেষক সিনান আলপার, আর অর্থায়ন করেছে তুরস্কের জাতীয় বিজ্ঞান সংস্থা টিউবিটাক। তুরস্ক ও যুক্তরাজ্যের মানুষের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, ষড়যন্ত্র তত্ত্ব, অলৌকিক ঘটনা এবং ছদ্মবিজ্ঞানে বিশ্বাসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে; এসব বিশ্বাস সাধারণত স্থিতিশীল থাকলেও একেবারে অপরিবর্তনীয় নয় এবং সামাজিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে কিছু বিশ্বাসেও পরিবর্তন আসতে পারে।
গবেষণায় তুরস্ক ও যুক্তরাজ্যের একই ব্যক্তিদের পাঁচ দফায় জরিপ করা হয় এবং প্রতি ছয় মাস পরপর তাঁদের মতামত নেওয়া হয়। শুরুতে তুরস্কের ২ হাজার ৭৭ জন এবং যুক্তরাজ্যের ৯৫৯ জন এতে অংশ নেন; তাঁদের ষড়যন্ত্র তত্ত্ব, অলৌকিক ঘটনা ও ছদ্মবিজ্ঞানে বিশ্বাসের পাশাপাশি সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমের দুর্নীতি সম্পর্কে ধারণা জানতে চাওয়া হয়। গবেষণায় দেখা যায়, তিন ধরনের বিশ্বাসের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে—অর্থাৎ কেউ অলৌকিক ঘটনায় বেশি বিশ্বাস করলে তাঁর ষড়যন্ত্র তত্ত্ব ও ছদ্মবিজ্ঞানে বিশ্বাস করার প্রবণতাও তুলনামূলক বেশি হতে পারে। দুই বছরে এসব বিশ্বাসের মাত্রা সামান্য কমলেও তুরস্কে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি; গবেষকদের মতে, একই প্রশ্ন বারবার করার কারণে উত্তরদাতাদের উত্তরে কিছু পরিবর্তন আসতে পারে, তাই এই সামান্য হ্রাসকে বড় কোনো পরিবর্তনের প্রমাণ হিসেবে দেখা ঠিক হবে না।
দুর্নীতির ধারণা কি ষড়যন্ত্রে বিশ্বাস বাড়ায়? গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, দুই দেশের মানুষের মধ্যে দুর্নীতি সম্পর্কে ধারণা ও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসের সম্পর্ক এক রকম ছিল না। তুরস্কে যাঁরা সময়ের সঙ্গে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমে দুর্নীতির মাত্রা বেশি বলে মনে করতে শুরু করেন, তাঁদের মধ্যে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসও বেড়েছে—তবে অলৌকিক ঘটনা বা ছদ্মবিজ্ঞানে বিশ্বাসের ক্ষেত্রে একই ধরনের পরিবর্তন দেখা যায়নি। অন্যদিকে যুক্তরাজ্যের অংশগ্রহণকারীদের মধ্যে দুর্নীতি সম্পর্কে ধারণার পরিবর্তনের সঙ্গে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসের এমন সম্পর্ক পাওয়া যায়নি।
গবেষকদের মতে, এর পেছনে দুই দেশের দুর্নীতির পরিস্থিতির পার্থক্য ভূমিকা রাখতে পারে; ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের দুর্নীতি ধারণাসূচক অনুযায়ী, ১৮২টি দেশের মধ্যে যুক্তরাজ্যের অবস্থান ২০তম এবং তুরস্কের অবস্থান ১২৪তম। যেখানে দুর্নীতি তুলনামূলক কম, সেখানে চারপাশে সবকিছুতেই দুর্নীতি দেখার প্রবণতা ব্যক্তির নিজস্ব মানসিক দৃষ্টিভঙ্গির সঙ্গে বেশি সম্পর্কিত হতে পারে; অন্যদিকে যেখানে দুর্নীতি বেশি এবং পরিস্থিতির পরিবর্তন ঘটে, সেখানে মানুষের অভিজ্ঞতা ও পরিবেশের পরিবর্তনও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসকে প্রভাবিত করতে পারে।
ব্যক্তিত্ব ও সামাজিক বাস্তবতার ভূমিকা: গবেষণায় দেখা গেছে, কর্তৃত্ববাদী মনোভাবের সঙ্গে তিন ধরনের বিশ্বাসেরই সম্পর্ক রয়েছে। যাঁরা শৃঙ্খলা, কঠোর নেতৃত্ব এবং নেতার নির্দেশ মেনে চলাকে বেশি গুরুত্ব দেন, তাঁদের মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব, অলৌকিক ঘটনা ও ছদ্মবিজ্ঞানে বিশ্বাস তুলনামূলক বেশি ছিল; তবে সময়ের সঙ্গে কর্তৃত্ববাদী মনোভাবের পরিবর্তন এসব বিশ্বাসের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত ছিল না। অর্থাৎ ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য মানুষের বিশ্বাসের প্রাথমিক অবস্থান নির্ধারণে ভূমিকা রাখলেও সামাজিক পরিবেশও গুরুত্বপূর্ণ। গবেষকদের মতে, ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসের পেছনে শুধু ব্যক্তির চিন্তাভাবনাকে দায়ী করলে পুরো বিষয়টি বোঝা যাবে না, কারণ সমাজে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের অভিজ্ঞতাও মানুষের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে।
সন্দেহের পেছনে বাস্তব কারণ ও করণীয়: গবেষণার লেখকদের মতে, কেউ ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করলে তাঁর সব ধারণাকে একভাবে বিচার করা উচিত নয়; বরং দেখতে হবে তিনি কি সব বিষয়ে এমন সন্দেহ পোষণ করেন, নাকি চারপাশের কোনো বাস্তব অনিয়ম বা অব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে তাঁর মধ্যে এই ধারণা তৈরি হয়েছে। যুক্তিসংগত চিন্তা ও তথ্য যাচাইয়ের অভ্যাস ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস কমাতে সহায়তা করতে পারে; ২০২৫ সালের একটি পরীক্ষায় গবেষকেরা দেখেছেন, চিন্তাভাবনা ও তথ্য বিশ্লেষণে উৎসাহিত করার প্রশিক্ষণ মানুষের ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস কমাতে পারে।
তবে গবেষকদের বক্তব্য, কোনো সমাজের প্রতিষ্ঠানগুলো যদি বারবার মানুষের সন্দেহের কারণ তৈরি করে, তাহলে শুধু ব্যক্তির চিন্তাশক্তি বাড়িয়ে সমস্যার সমাধান সম্ভব নয়—মানুষের আস্থা ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিও জরুরি। গবেষণাটির মূল বক্তব্য হলো, ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস একদিকে মানুষের চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কিত, অন্যদিকে সামাজিক বাস্তবতাও এতে প্রভাব ফেলে; তাই এর ব্যাখ্যা খুঁজতে হলে ব্যক্তি ও তাঁর চারপাশের পরিবেশ—দুটিই বিবেচনায় নিতে হবে।