২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৭:১৯ অপরাহ্ন


দেশে ফিরলেন ব্যর্থ কাপ্তান রিয়াদ
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
দেশে ফিরলেন ব্যর্থ কাপ্তান রিয়াদ


ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থ সফর শেষে ২১ জুলাই দেশে ফিরেছেন টি-টোয়েন্টি কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। এতে রিয়াদের সঙ্গী ছিলেন আফিফ হোসেন ও নাসুম আহমেদ। সিলেট হয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফেরেন তারা।

নাসুম সিলেটে নেমে গেছেন। আফিফ ও মাহমুদউল্লাহ এসেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর আগে বুধবার ফেরেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। ছুটি কাটাতে লন্ডনে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বিদেশি কোচিং স্টাফ সদস্যদের বড় অংশ ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি নিজ দেশে ছুটিতে গেছেন। হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। সিডন্স যাবেন অস্ট্রেলিয়ায়, তিনিও জিম্বাবুয়েতে যোগ দেবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ২-০ ব্যবধানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে ওয়ানডে ফরম্যাটে তামিম ইকবালের নেতৃত্বে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ।