১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:১৭:২৬ অপরাহ্ন


রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-১৮ ১৮:০৪:১৭
রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি! অভিনেত্রী রাখি সাওয়ান্ত I ছবি: সংগৃহীত


২০১০ সালের পুরোনো রিয়েলিটি শো সংক্রান্ত মামলায় উত্তরপ্রদেশের ঝাঁসি আদালতের কড়া পদক্ষেপ; বারবার সমন উপেক্ষা করায় জারি পরোয়ানা

       ফের গুরুতর আইনি জটিলতার মুখে পড়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ২০১০ সালের একটি পুরোনো মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসির একটি আদালত। বারবার আইনি নোটিশ ও সমন পাঠানো সত্ত্বেও আদালতে সশরীরে হাজির না হওয়ায় শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই আইনি লড়াইয়ের সূত্রপাত হয়েছিল মূলত ‘রাখি কা ইনসাফ’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানকে কেন্দ্র করে। ঝাঁসির প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করছিলেন রাখি সাওয়ান্ত। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান চলাকালীন লক্ষ্মণকে উদ্দেশ করে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন রাখি। এমনকি তাঁকে ‘নপুংসক’ বলেও কটাক্ষ করা হয়েছিল বলে দাবি করা হয়। এই ঘটনার জেরে লক্ষ্মণ মানসিকভাবে বিপর্যস্ত হন এবং সামাজিক হেনস্থার শিকার হন। এরপর ২০১০ সালের নভেম্বর মাসে তাঁর মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর পর তাঁর মা সাবিত্রী দেবী প্রেম নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, ২০১০ সালের অক্টোবরে প্রচারিত ‘রাখি কা ইনসাফ’ অনুষ্ঠানের একটি পর্বে তাঁর ছেলেকে নিয়ে অপমানজনক ও আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। এই ঘটনার প্রেক্ষাপটে রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে মামলা দায়ের করা হয়।

মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে রাখিকে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু আদালতের পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানোর পরও তিনি আদালতে হাজির হননি। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার বিচারক তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।