১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫০:৪৪ পূর্বাহ্ন


তনু হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২২ ১৯:২৯:৪৭
তনু হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে ছবি: সংগৃহীত


সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কোনো অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার দীর্ঘস্থায়ী অচলাবস্থা ভেঙে গ্রেপ্তার করা হয়েছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তাকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এর আগে, পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই তাকে কড়া নিরাপত্তার মধ্যে কুমিল্লা সদর আদালতে হাজির করা হয়।

২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকায় তনু হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলেও দীর্ঘদিন ধরে এই মামলার তদন্তে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি ছিল না। এক দশক পর পিবিআইয়ের এই পদক্ষেপ এবং প্রথম কাউকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানোর বিষয়টি মামলার বিচারে এক নতুন মোড় নিয়ে এসেছে। আদালত রিমান্ড মঞ্জুর করায় তদন্ত কর্মকর্তারা আশা করছেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আলোচিত এই হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত রহস্য এবং জড়িত অন্যদের তথ্য বেরিয়ে আসবে।