শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার সংস্কৃতি ও মানবিক গুণাবলি ছড়িয়ে দিতে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৈঠকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয় যে, দেশব্যাপী এই কার্যক্রম বাস্তবায়নে সরকারের সঙ্গে সরাসরি কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মেধা ও মননশীল জাতি গঠনে বই পড়ার গুরুত্বের ওপর জোর দেন। আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষার্থীদের বইমুখী করার জন্য তার দীর্ঘ অভিজ্ঞতা ও পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের এই যৌথ উদ্যোগের ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠাগার উন্নয়ন ও ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ড. জাহেদ উর রহমানও আলোচনায় অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে চিন্তাশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে।