এআই নির্মিত বিকৃত ভিডিও ভাইরালের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ চিত্রনায়িকা পরীমণির; চ্যানেল কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ প্রত্যাখ্যান করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা বিকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এবার চরম ক্ষোভ ও মানসিক যন্ত্রণা প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের ভেরিফায়েড পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ‘দুঃখ প্রকাশ’ কোনো কাজে আসছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ ও ক্ষুব্ধ স্ট্যাটাসের মাধ্যমে এই ঘটনায় নিজের মানসিক যন্ত্রণা ও ভোগান্তির চিত্র তুলে ধরেন পরীমণি।
পোস্টে মাছরাঙা টেলিভিশনকে সরাসরি সম্বোধন করে পরীমণি লেখেন, “ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোন কাজে দিচ্ছে না একদমই।”
সামাজিক যোগাযোগমাধ্যমে অবর্ণনীয় ট্রোল ও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার কথা তুলে ধরে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “এই যে আমার স্বাভাবিক জীবনটা এভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করতে পারছি না। (হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত) এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।”
নিজের স্বাভাবিক কর্মপরিবেশ ও মানসিক শান্তি নষ্টের বিচার দাবি করে প্রশ্ন ছুঁড়ে দিয়ে পরীমণি লেখেন, “কী করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর। আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।”
প্রসঙ্গত, সম্প্রতি দেশের একটি জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এআই (AI) প্রযুক্তির সাহায্যে বানানো দুজন জনপ্রিয় অভিনেত্রীর একটি আপত্তিকর ও বিকৃত ভিডিও পোস্ট হওয়ার পরপরই তা ছড়িয়ে পড়ে। ঘটনাটি নজরে এলে তাৎক্ষণিকভাবে পোস্টটি মুছে দিয়ে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের সোশ্যাল মিডিয়া পেজটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল। একই সঙ্গে জড়িত অনাকাঙ্ক্ষিত অপরাধীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল তারা। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যক্তিগত ও পেশাগত জীবন মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে ক্ষোভ ঝারলেন পরীমণি।