২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ০৪:৪৫:২৩ অপরাহ্ন


অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ; মানহানি ও সাইবার হয়রানির অভিযোগ
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-২৮ ১৪:৩২:৪০
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ; মানহানি ও সাইবার হয়রানির অভিযোগ অভিনেত্রী তানজিন তিশা I ছবি: সংগৃহীত


ফ্যাশন ডিজাইনার সানায়া আনামের ছবি ও তথ্য ফেসবুকে প্রকাশের জের; দুই দিনের মধ্যে পোস্ট অপসারণ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

      ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মানহানি, ভুল তথ্য প্রচার এবং সাইবার হয়রানির অভিযোগে এক আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে আজ বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) এই নোটিশটি পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে জানানো হয়, নোটিশ প্রদানকারী সানায়া আনাম ইতোমধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছেন, যেগুলো বর্তমানে বিচারাধীন ও বিচারপ্রক্রিয়ায় চলমান রয়েছে। এ মামলা চলাকালেই গত ২৭ অক্টোবর তানজিন তিশা তাঁর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া তানজিন তিশা দেশের গণমাধ্যমকেও এ বিষয়ে ভুলভাবে উপস্থাপন করছেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশের তথ্য অনুযায়ী, এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর তানজিন তিশা তাঁর ফেসবুকে মেসেঞ্জারে বাদীকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ছবি ভাইরালের হুমকি দিয়েছিলেন। মেসেজে তিশা লিখেছিলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ বাদীর দাবি, সেই পূর্বাভাসের ধারাবাহিকতায় তিশা সম্প্রতি তাঁর ব্যক্তিগত ছবি ফেসবুকে শেয়ার করে সামাজিক সম্মানহানি ও মানহানির ঘটনা ঘটিয়ে যাচ্ছেন।

এ ছাড়া নোটিশে তিশার একটি সাম্প্রতিক ফেসবুক পোস্টের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’। বাদীর পক্ষ থেকে স্পষ্ট করা হয় যে, তিশার পোস্টে থাকা অপর নারীর সঙ্গে বাদীর কোনো পারিবারিক বা রক্তের সম্পর্ক নেই এবং তাঁরা কখনোই বোন নন। প্রকৃতপক্ষে বাদী একজন ফ্যাশন ডিজাইনার এবং অপরজন একজন সাধারণ নারী উদ্যোক্তা হওয়ায় পেশাগত সূত্রে তাঁদের পরিচয় রয়েছে। তানজিন তিশা এই পেশাগত সম্পর্ককে নেতিবাচক ও বিকৃতভাবে উপস্থাপন করে বাদীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছেন বলে নোটিশে দাবি করা হয়।

আইনি নোটিশে আরও একটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, তিশা তাঁর ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে দুজন অপ্রাপ্তবয়স্ক (মাইনর) শিশুর ছবি প্রকাশ করেছেন। এ ধরনের ছবি পাবলিক প্ল্যাটফর্মে প্রকাশের ক্ষেত্রে শিশু দুটির পরিবার বা বাদীর কোনো সম্মতি নেওয়া হয়নি, যা দেশের ‘সাইবার সুরক্ষা আইন ২০২৩’-এর সুস্পষ্ট লঙ্ঘন।

সার্বিক পরিস্থিতিতে লিগ্যাল নোটিশ প্রাপ্তির পরবর্তী দুই (২) দিনের মধ্যে তিশার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বাদীসংক্রান্ত এবং শিশুদের সর্বপ্রকার ছবি ও মানহানিকর লেখা অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে বাদীর কোনো ছবি বা তথ্য প্রকাশ না করার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের শর্ত মেনে চলা না হলে বাদীর পক্ষে আর্থিক মানহানি মামলাসহ সাইবার ট্রাইব্যুনাল ও সংশ্লিষ্ট আদালতে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।