জর্ডানভিত্তিক আরআইএসএসসি প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সংস্করণে স্থান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা
জাতীয় & আন্তর্জাতিক desk | ১৪ নভেম্বর, ২০২৬
ঢাকা: বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের তিন বিশিষ্ট ব্যক্তি। তাঁরা হলেন—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, প্রখ্যাত ইতিহাসবিদ ও মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।
জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের বার্ষিক সংস্করণে বাংলাদেশের এই তিন ব্যক্তিত্বের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এই সংকলনের ১৮তম বার্ষিক প্রকাশনা।
রাজনৈতিক বিভাগে নতুন সংযোজন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রকাশকদের ব্যাখ্যা অনুযায়ী, রাজনৈতিক, সাংস্কৃতিক, আদর্শিক কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য প্রভাব ও পরিবর্তন আনার সক্ষমতা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। সংকলনটির রাজনৈতিক বিভাগে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বইটির ১৬০ পৃষ্ঠায় তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান হিসেবে উল্লেখ করে তাঁর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। এতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণের বিষয়টি বিশেষভাবে স্থান পেয়েছে। এছাড়া তালিকার নতুন সংযোজন হিসেবেও (২৩৬ পৃষ্ঠায়) তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
সামাজিক বিষয়াবলি বিভাগে ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা: বাংলাদেশের অপর দুই ব্যক্তিত্ব স্থান পেয়েছেন তালিকার সামাজিক বিষয়াবলি বিভাগে। বইটির ১৯০ পৃষ্ঠায় ড. হামিদা হোসেনকে একজন প্রথিতযশা ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারবিষয়ক শিক্ষাবিদ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা, স্বাধীনতা-পরবর্তী সময়ে যুদ্ধাহত ও সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন, কারুশিল্পের বিকাশে ‘কারিকা’ প্রতিষ্ঠা এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসন হিসেবে তাঁর অবদানের কথা সেখানে তুলে ধরা হয়েছে।
একই বিভাগে (১৯০ পৃষ্ঠা) স্থান পাওয়া রাজিয়া সুলতানাকে মিয়ানমারে জন্মগ্রহণকারী ও বাংলাদেশে বেড়ে ওঠা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রহীন রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায় এবং বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর সংঘটিত সহিংসতা ও পাচারের ঘটনা নিয়ে কক্সবাজারের শরণার্থী শিবিরে তাঁর গবেষণা ও সাহসী কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে এই সংকলনে।
উল্লেখ্য, ‘দ্য মুসলিম ৫০০’ বইটিতে বিশ্বের শীর্ষ ৫০ জন প্রভাবশালী ব্যক্তিত্বকে ক্রমানুসারে সাজানো হয়েছে এবং বাকি ৪৫০ জনকে প্রভাবের ক্ষেত্র অনুযায়ী ১৩টি ভিন্ন ভিন্ন বিভাগে স্থান দেওয়া হয়েছে।