১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ০৭:৩৪:৫৭ পূর্বাহ্ন


অভিনেত্রী কমলের সঙ্গে গোবিন্দের ঘনিষ্ঠ ছবি প্রকাশ, ফের মাথাচাড়া দিল পরকীয়ার গুঞ্জন!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-১৫ ১৭:১৮:০৭
অভিনেত্রী কমলের সঙ্গে গোবিন্দের ঘনিষ্ঠ ছবি প্রকাশ, ফের মাথাচাড়া দিল পরকীয়ার গুঞ্জন! গোবিন্দের প্রকাশিত কিছু ঘনিষ্ঠ ছবি নতুন করে পরকীয়ার গুঞ্জন I ছবি: সংগৃহীত


সুনীতার সঙ্গে টানাপোড়েনের মাঝেই নতুন সিনেমার প্রচারণায় কমল রানির সঙ্গে গোবিন্দের ছবি ভাইরাল; কমেন্টে ক্ষোভ প্রকাশ রাখির

       বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার যেন শেষ নেই। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন এই অভিনেতা। আসন্ন সিনেমা ‘রূপা’-র প্রচারের অংশ হিসেবে অভিনেত্রী কমল রানি স্বর্ণকর-এর সঙ্গে গোবিন্দের কিছু ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে তুমুল পরকীয়ার গুঞ্জন। আর এই পুরো ঘটনায় আগুনে ঘি ঢেলেছেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

ঘনিষ্ঠ ছবি ও কমলের পোস্ট: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গোবিন্দের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন কমল রানি। ছবিগুলোতে দুজনকে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। বেগুনি রঙের শাড়ি ও নজরকাড়া গয়নায় সেজেছিলেন কমল, আর গোবিন্দকে দেখা গেছে সাদা ব্লেজার ও রোদচশমায়। ছবিগুলোর ক্যাপশনে কমল লিখেছেন, ‘রূপা’র কিছু সুন্দর মুহূর্ত।

এই ছবিগুলো সামনে আসার পরই নেটদুনিয়ায় শুরু হয় নানা জল্পনা। বিষয়টি নজর এড়ায়নি রাখি সাওয়ান্তেরও। গোবিন্দ ও কমলের সম্পর্ক নিয়ে আগে থেকেই সরব থাকা রাখি এই ছবিগুলোর মন্তব্যের ঘরে একের পর এক রাগী পাখির (Angry Bird) ইমোজি দিয়ে নিজের ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন।

পুরোনো বিচ্ছেদ গুঞ্জন ও সুনীতার কটাক্ষ: এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকেই গোবিন্দ ও সুনীতার দীর্ঘদিনের সংসারে টানাপোড়েনের খবর সংবাদমাধ্যমের শিরোনামে আসে। যদিও গত ১৯ আগস্ট সুনীতা তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নেন, তবুও সম্পর্কের বরফ গলেনি। কিছুদিন আগে রাখির সঙ্গে ফোনে কথা বলার সময় সুনীতা দাবি করেছিলেন যে, গোবিন্দ ও কমল নাকি গোপনে বিয়ের পরিকল্পনা করেছিলেন! যদিও এই অভিযোগের বিষয়ে গোবিন্দ বা কমল রানি কেউই সেভাবে মুখ খোলেননি।

এর আগে বিমানবন্দরে গোবিন্দ ও কমলকে একসঙ্গে দেখার পর সুনীতা গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে প্রকাশ্যেই কটাক্ষ করেছিলেন। পরবর্তীতে স্ত্রীর এমন ভাষা ব্যবহারের তীব্র সমালোচনা করেছিলেন গোবিন্দ নিজেও। ১৯৮৭ সালের মার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে দুই সন্তান—টিনা ও যশবর্ধন রয়েছে। দীর্ঘ প্রায় চার দশকের এই দীর্ঘ দাম্পত্য জীবনের নানা নাটকীয়তার মাঝেই কমল রানির সঙ্গে গোবিন্দের এই নতুন ছবিগুলো আবারও ভক্তদের মাঝে প্রশ্ন তুলেছে।