১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ০৭:৩৪:৫৭ পূর্বাহ্ন


ইউরোভিশন এশিয়ার প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফিলিপাইন, ইতিহাস গড়লেন কারমেল!
আন্তর্জাতিক ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-১৫ ১৮:৫৪:০৭
ইউরোভিশন এশিয়ার প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফিলিপাইন, ইতিহাস গড়লেন কারমেল! ফিলিপিনো সংগীতশিল্পী কারমেল I ছবি: সংগৃহীত


ব্যাংককের মঞ্চে ‘সোবর-সোবর’ গানে বাজিমাত; এশিয়ার ১১টি দেশকে পেছনে ফেলে মুকুট জিতলেন ফিলিপিনো শিল্পী কারমেল

      ইউরোপের গণ্ডি পেরিয়ে জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ইউরোভিশনের ঐতিহাসিক মঞ্চ এবার বসল এশিয়ায়। ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার উদ্বোধনী আসরেই দুর্দান্ত সাফল্য অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে ফিলিপাইন। দেশটির প্রতিভাবান সংগীতশিল্পী কারমেল (CARMELLE) তাঁর জনপ্রিয় গান ‘সোবর-সোবর’ (Sobra-Sobra) পরিবেশন করে এই মর্যাদাপূর্ণ শিরোপা জিতে নিয়েছেন। এর মধ্য দিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করলেন তিনি।

ইউরোভিশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (১৪ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আধুনিক ‘ওয়ান ব্যাংকক ফোরাম’-এ জাঁকজমকপূর্ণভাবে প্রতিযোগিতার এই প্রথম আসর অনুষ্ঠিত হয়। এশিয়ার মোট ১১টি দেশের তুখোড় শিল্পীরা এই বৈশ্বিক আসরে অংশ নেন।

ফলাফল নির্ধারণ ও জুরির রায়: প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ করা হয়েছিল জাতীয় জুরি এবং দর্শকভোটের নিখুঁত সমন্বয়ে। সামগ্রিক ফলাফলে দর্শকভোটের অবদান ছিল ৫০ শতাংশ। এছাড়া ১১টি দেশের নিজস্ব জাতীয় জুরির ভোট এবং অংশগ্রহণকারী দেশগুলোর বাইরের বিশ্ববাসীর জন্য ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ (Rest of the World) ভোটের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল। সবকটি ধাপ পেরিয়ে শ্রেষ্টত্বের মুকুট পরেছেন ফিলিপাইনের কারমেল।

কে এই কারমেল? কারমেল এর আগেও টেলিভিশনে প্রচারিত বিভিন্ন জনপ্রিয় সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি লাভ করেছিলেন। তিনি বিখ্যাত রিয়ালিটি শো ‘দ্য ভয়েস কিডস’-এ প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। এরপর ‘তাওয়াগ এনজি তাঙ্গালান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সংগীত অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এমনকি জনপ্রিয় রিয়ালিটি শো ‘পিনয় বিগ ব্রাদার’-এও অংশ নিয়েছিলেন এই উদীয়মান শিল্পী।

ইউরোভিশন এশিয়ার নতুন অধ্যায় ও বাংলাদেশের অংশগ্রহণ: ইউরোভিশন সং কনটেস্টের ৭০ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথম এশিয়ায় এর কোনো আসর বসল, যা বিশ্বসংগীতের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল এশিয়ার বিভিন্ন দেশের সমৃদ্ধ সংগীত, বৈচিত্র্যময় ভাষা ও নিজস্ব সংস্কৃতিকে বিশ্বমঞ্চে ভিন্নমাত্রায় তুলে ধরা।

এদিকে এশিয়ার এই মহাআসবরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে জনপ্রিয় ব্যান্ড ব্যাটমোসফিয়ার (Beatmosphere)। আন্তর্জাতিক এই মঞ্চে তাঁদের চমৎকার গান ‘তুমি এলে’ পরিবেশন করে দেশের নাম উজ্জ্বল করেছেন তাঁরা।