ছোট ভাইয়ের স্ত্রী রামোলা বচ্চনের অভিযোগে তোলপাড় বলিউড; ১৯৯৩ সালের দানপত্র ও জয়া বচ্চনের নামে মালিকানা হস্তান্তর নিয়ে তৈরি হলো নতুন জটিলতা
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারকে ঘিরে নতুন এক আইনি ও পারিবারিক জটিলতা দানা বেঁধেছে। মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত বচ্চন পরিবারের ঐতিহাসিক ও শতকোটি রুপি মূল্যের বিলাসবহুল বাংলো ‘জলসা’-র মালিকানা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন। প্রায় ১০০ কোটি রুপি মূল্যমানের এই বাড়িটি জোরপূর্বক বা জয়া বচ্চনের নামে ভুয়া উপায়ে লিখে নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
যেভাবে বচ্চন পরিবারের ঠিকানা হয়েছিল ‘জলসা’: বর্তমানে ‘জলসা’ নামে বিশ্বজোড়া খ্যাতি পেলেও এই বাংলোর ইতিহাস বেশ পুরোনো। শুরুর দিকে বাড়িটির নাম ছিল ‘মানসা’। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ক্ল্যাসিক সিনেমা ‘সত্তে পে সত্তা’-তে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে এই বাড়িটি অমিতাভকে দেওয়া হয়েছিল। প্রযোজক রোমু সিপ্পির স্মৃতিচারণ অনুযায়ী, সিনেমাটির পারিশ্রমিকের অংশ হিসেবে জুহুতে প্রায় ১০ হাজার বর্গফুটের এই বাংলোটি অমিতাভকে উপহার হিসেবে দিয়েছিলেন প্রযোজক এনসি সিপ্পি। সিনেমাটি পরিচালনা করেছিলেন এনসি সিপ্পির ছোট ছেলে রাজ সিপ্পি।
পরবর্তীতে কোনো একসময়ে আর্থিক বা ব্যক্তিগত কারণে ‘মানসা’ নামের ওই বাংলোটি বিক্রি করে দিয়েছিলেন অমিতাভ। ফ্রি প্রেস জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকার ও নিজের ব্লগে বিষয়টি জানিয়েছিলেন এই অভিনেতা। তবে পরবর্তী সময়ে স্ত্রী জয়া বচ্চন-এর বিশেষ অনুরোধে চড়া বাজারমূল্যে বাংলোটি আবারও কিনে নেন অমিতাভ। বাড়িটি পুনরায় কিনে নাম পাল্টে রাখা হয় ‘জলসা’ এবং নতুন করে নান্দনিক নকশায় তা নির্মাণ করা হয়।
‘জলসা’ ঘিরে অমিতাভের আবেগ এবং বর্তমান বিরোধ: প্রতি রবিবারের নিয়মিত রুটিন অনুযায়ী, এই ‘জলসা’র বারান্দায় দাঁড়িয়েই হাজার হাজার ভক্তের ভালোবাসার জবাব দেন অমিতাভ বচ্চন। কয়েক মাস আগে নিজের ব্লগে এই বাড়ি নিয়ে আবেগঘন বার্তা দিয়ে অমিতাভ লিখেছিলেন, তিন দশকেরও বেশি সময় ধরে এই ছাদ তাঁর পরিবারকে আগলে রেখেছে। সন্তানদের জন্মদিনের আনন্দ থেকে শুরু করে জীবনের বহু সোনালী স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতেই।
কিন্তু সেই ভালোবাসার ঠিকানাই এখন আইনি লড়াইয়ের মুখোমুখি। মুম্বাইয়ের আন্ধেরির সমবায় সমিতির ডেপুটি রেজিস্ট্রারের কার্যালয়ে বর্তমানে ঝুলছে এই মালিকানা বিরোধের মামলা। গত সাত মাসে রামোলা বচ্চনের করা একের পর এক অভিযোগের পর নড়েচড়ে বসেছে প্রশাসন।
বিরোধের মূল কারণ ও সরকারি নথির গরমিল: সম্পত্তির এই বিরোধের মূল সূত্রপাত সরকারি নথিপত্রের বড় ধরনের অসংগতি থেকে। কাপোল হাউজিং সোসাইটির অফিশিয়াল নথিতে ‘জলসা’র বর্তমান মালিক হিসেবে জয়া বচ্চনের নাম রয়েছে। অথচ মহারাষ্ট্র সরকারের অফিশিয়াল প্রপার্টি কার্ডে (Property Card) এখনও রামোলা বচ্চনের নাম বহাল রয়েছে।
সম্প্রতি সরকারি ওই নথিগুলো থেকে রামোলার নাম চিরতরে সরিয়ে জয়ার নাম অন্তর্ভুক্ত করার প্রশাসনিক উদ্যোগ শুরু হতেই বিষয়টি প্রকাশ্যে আনেন রামোলা। তাঁর মূল অভিযোগ, ১৯৯৩ সালের যে দানপত্র (Gift Deed)-এর মাধ্যমে মালিকানা হস্তান্তর করা হয়েছিল, তা সম্পূর্ণ অবৈধ। তাঁর অজান্তে ও কোনো ধরনের সম্মতি ছাড়াই তাঁর স্বাক্ষর বা অধিকার ক্ষুণ্ন করে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে দাবি তাঁর। তবে এই জটিল আইনি বিরোধের এখনো কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।