২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ০২:১৯:২৯ পূর্বাহ্ন


প্রয়াণ দিবসে সঞ্জীব-স্মরণ: সুরে, কবিতায় ও প্রতিবাদে অমর এক বোহেমিয়ান প্রাণ!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-১৯ ১৪:০৮:৪৫
প্রয়াণ দিবসে সঞ্জীব-স্মরণ: সুরে, কবিতায় ও প্রতিবাদে অমর এক বোহেমিয়ান প্রাণ! কিংবদন্তি সংগীতশিল্পী, গীতিকার ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী I ছবি: সংগৃহীত



আজ ১৯ নভেম্বর, কিংবদন্তি শিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস; ‘দলছুট’-এর সুরে আর নাগরিক জীবনের গল্পে আজও বেঁচে আছেন প্রিয় ‘সঞ্জীব দা’

আগুনের কথা বন্ধুকে বলি,

দু’ হাতে আগুন তারও,

কার মালা হতে খসে পড়া ফুল,

রক্তের চেয়ে গাঢ়...

      কিছু শিল্পীর প্রস্থান হয়, কিন্তু তার সুর রয়ে যায় নশ্বর পৃথিবীতে। তার গানে ফিরে ফিরে আসে সময়, প্রেম, প্রতিবাদ আর জীবনের গল্প। তেমনই এক বহুমাত্রিক শিল্পী সঞ্জীব চৌধুরী। বহুমাত্রিক এই মানুষটির প্রয়াণ দিবস আজ। 

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের মাকালকান্দি গ্রামে জন্ম সঞ্জীব চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সঞ্জীব জড়িয়ে পড়েছিলেন ছাত্র রাজনীতি, সাংস্কৃতিক আন্দোলন ও সাহিত্যচর্চায়। 

সাংবাদিক হিসেবে কাজ করেছেন আজকের কাগজ, ভোরের কাগজ ও যায় যায় দিনে। সবার প্রিয় ছিলেন ‘সঞ্জীব দা’ সম্বোধনে। তার আরেকটি পরিচয় তাকে পৌঁছে দেয় অসংখ্য মানুষের হৃদয়ে। ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’। প্রকাশিত হয় ‘আহ্’, ‘হৃদয়পুর’, ‘আকাশচুরি’ ও ‘জোছনা বিহার’ নামের কয়েকটি অ্যালবাম আর হৃদয়ছোঁয়া কিছু গান।

‘আমি তোমাকেই বলে দেব’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘তোমার বাড়ির রঙের মেলায়’, ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও’, ‘কার ছবি নেই’, ‘এই নষ্ট শহরে’, কিংবা ‘কথা বলব না’—তার কণ্ঠে গান হয়ে উঠেছিল বিশুদ্ধ চিৎকার, বোহেমিয়ান তরুণদের আত্মার সঙ্গী। প্রেম, বিরহ, নাগরিক জীবনের গল্পের পাশাপাশি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদও উঠে এসেছে তার গানে। শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ গানটিও তার কণ্ঠে পেয়েছিল অনন্য উচ্চতা, সমাদর ও জনপ্রিয়তা।

২০০৭ সালের ১৯ নভেম্বর, মাত্র ৪২ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণে থেমে যায় তার  বৈচিত্রময় জীবনের পথচলা। কিন্তু থেমে যায়নি তাঁর সুর। কবি, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সাংবাদিক—প্রতিটি পরিচয়েই তিনি রেখে গেছেন স্বতন্ত্র স্বাক্ষর। তিনি আছেন প্রজন্ম থেকে প্রজন্মে, স্মৃতি থেকে ভালোবাসায়।