২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ০৪:২৯:৩৭ পূর্বাহ্ন


নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির আন্দোলন ইতিবাচক নয়, পেছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি
জাতীয় ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-২২ ১৬:৫০:২৮
নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির আন্দোলন ইতিবাচক নয়, পেছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি ছবি: সংগৃহীত


আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোট; আগে কমিশনকে কাজ করার সুযোগ দেওয়া এবং দায়িত্বশীল আচরণের আহ্বান বিএনপির

       আগামী ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরুর প্রস্তুতির মধ্যেই নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবিতে জামায়াত-এনসিপি জোটের আন্দোলনের হুঁশিয়ারিকে ‘ইতিবাচক নয়’ বলে মন্তব্য করেছে বিএনপি। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পরাজয়ের পর অনিয়মের অভিযোগ তুলে ইসির পদত্যাগ দাবির নেপথ্যে ভিন্ন কোনো ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও বিএনপির অবস্থান:সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে এবং মোট ৫ ধাপে তা শেষ করার প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনকে সামনে রেখে সারা দেশে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। এমন প্রেক্ষাপটে ইসির ওপর আস্থাহীনতা ও আন্দোলনের হুঁশিয়ারির জবাবে বিএনপি নেতারা বলছেন, বর্তমান কমিশন এ পর্যন্ত হওয়া সব নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে এবং ইসির ওপর তাঁদের শতভাগ আস্থা রয়েছে।

বিএনপি নেতাদের বক্তব্য:এ বিষয়ে বিএনপির সহকারী অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেন, ‘নির্বাচন কমিশন তো নতুন। তাকে কাজ করার সুযোগই দেওয়া হয়নি। আগে তাকে কাজ করার সুযোগ দিতে হবে। এরপর কোনো অভিযোগ থাকলে তা নিয়ে আসতে পারেন। কিন্তু তাকে কাজ করার সুযোগ না দিয়ে বিভিন্ন দাবি তুলে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। এটি নতুন কিছু নয়। একটি আন্দোলন ব্যর্থ হলে নতুন দাবি সামনে আনা হচ্ছে।’

অন্যদিকে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির আগে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর প্রশ্ন তোলার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া উচিত। অন্তত প্রথম ধাপের নির্বাচনটি হতে দিন। এরপর সমালোচনা করুন। সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও আসন নিয়ে কিংবা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তাই আমার মনে হয়, এই মুহূর্তে একটি সচেতন ও স্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করা উচিত নয়। এ সময়ে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করাটা কতটা অসংগত, তা তাঁদের নিজেদেরই বোঝা উচিত। তাঁদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’

সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে সতর্কতার আহ্বান:একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।