২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ০৭:২১:৪৯ অপরাহ্ন


মিস ইউনিভার্স জয়ী জেনিফার বারেটো নগদ অর্থসহ আর কী কী সুবিধা পাবেন?
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-২৫ ১৫:১৩:৪৩
মিস ইউনিভার্স জয়ী জেনিফার বারেটো নগদ অর্থসহ আর কী কী সুবিধা পাবেন? ৭৫তম মিস ইউনিভার্স বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো I ছবি: সংগৃহীত


নগদ ২ লাখ ৫০ হাজার ডলার ও মাসিক ভাতার পাশাপাশি নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট এবং ৩ হাজার ১৫০টি হীরাখচিত নতুন মুকুট ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ পরার সুযোগ পাচ্ছেন পুয়ের্তো রিকোর এই সুন্দরী

     চলতি বছর ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জেতা পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো পুরস্কার হিসেবে নগদ অর্থ, মাসিক ভাতা, নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট এবং ৩ হাজার ১৫০টি হীরাখচিত নতুন মুকুট পরার সুযোগ পাবেন। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৭৫তম আসরে ১১৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হন বারেটো।

নগদ অর্থ ও মাসিক ভাতার বিবরণ: আন্তর্জাতিক সংবাদমাধ্যম হোলা ও গালফ নিউজের তথ্য অনুযায়ী, বিজয়ী হিসেবে জেনিফার বারেটো প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার নগদ পুরস্কার পাবেন বলে ধারণা করা হচ্ছে; গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশও একই পরিমাণ অর্থ পেয়েছিলেন। এ ছাড়া শিরোপাধারী হিসেবে দায়িত্ব পালনের এক বছর প্রতি মাসে আনুমানিক ৫০ হাজার ডলার করে ভাতা বা আয় দেওয়া হতে পারে।

গালফ নিউজ জানিয়েছে, আয়োজক সংস্থা বিষয়টিকে বিশ্বব্যাপী দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘প্রাথমিক তহবিল ও মাসিক আয়’ হিসেবে বর্ণনা করেছে। হোলার তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক কার্যক্রম, বিভিন্ন প্রকল্প এবং আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্ব পালনের খরচ মেটাতেই এই অর্থ দেওয়া হয়; তবে স্বাধীনভাবে নগদ অর্থের পরিমাণ নিশ্চিত করা যায়নি এবং আয়োজক সংস্থাও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট ও অন্যান্য সুযোগ-সুবিধা: অর্থের বাইরেও এক বছরের জন্য পূর্ণকালীন দূত হিসেবে জীবনযাপন ও কাজ করার নানা সুবিধা পাবেন বারেটো। হোলার প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ীকে নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, যেখানে দীর্ঘদিন ধরে আয়োজক সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত। পাশাপাশি বিমানভাড়া, হোটেল এবং ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনার খরচও বহন করা হয়।

এ ছাড়া ব্যক্তিগত স্টাইলিস্ট, চুল ও মেকআপ বিশেষজ্ঞ, ব্যক্তিত্ব ও ভাবমূর্তি উন্নয়নবিষয়ক পরামর্শক, পুষ্টিবিষয়ক পরামর্শ এবং মানসিক স্বাস্থ্য সহায়তা ও স্বাস্থ্যসেবার সুযোগ পান বিজয়ী। হোলা জানিয়েছে, মিস ইউনিভার্স বিজয়ী মিস ইউএসএ’র সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকবেন বলে উল্লেখ করা হলেও বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয়; গালফ নিউজের তথ্যমতে, মিস ইউএসএ ২০২৬-এর পুরস্কার প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৫ হাজার ডলারের বেশি, যার মধ্যে মিয়ামিতে একটি অ্যাপার্টমেন্টের লিজও অন্তর্ভুক্ত রয়েছে।

৩ হাজার ১৫০টি হীরাখচিত নতুন মুকুট: ২০২৬ সালের বিজয়ী হিসেবে বারেটো প্রথমবারের মতো পরেছেন ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের মুকুটটি, যা মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে তৈরি করা হয়েছে। ডেইলি ট্রিবিউনের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর সান হুয়ানের প্লাজা লাস আমেরিকাসে ‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানে মুকুটটি উন্মোচন করা হয়। প্যারিসের গয়না নির্মাতা প্রতিষ্ঠান মেজোঁ দ'ওরের সহযোগিতায় গয়না নকশাকার জর্জ উইটেলস ১৮ ক্যারেট সাদা সোনার ওপর ৩ হাজার ১৫০টি উজ্জ্বলভাবে কাট করা হীরা বসিয়ে এটি তৈরি করেছেন।

মুকুটটির কেন্দ্রে থাকা তিনটি বড় হীরার মধ্যে দুই পাশের হীরা অতীতের পথপ্রদর্শক ও বর্তমানে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা নারীদের সম্মান জানাতে এবং মাঝখানের হীরাটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে বসানো হয়েছে। তবে মুকুটটির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। গালফ নিউজ জানিয়েছে, গত বছর ফাতিমা বশ যে ৫০ লাখ ডলারের ‘লুমিয়ের দ্য লাঁফিনি’ মুকুট পরেছিলেন, সেটির মতোই নতুন এই মুকুটটি বিজয়ীর ব্যক্তিগত সম্পত্তি হবে না; এটি শুধু আনুষ্ঠানিক অনুষ্ঠানে পরা হবে এবং এক বছর পর পরবর্তী বিজয়ীর কাছে হস্তান্তর করা হবে।

আগামী এক বছরের দায়িত্ব: মিস ইউনিভার্সের শিরোপার এক বছরের মেয়াদে জেনিফার বারেটো সংস্থার প্রধান দূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় তাঁকে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেওয়া, দাতব্য কার্যক্রম পরিচালনা এবং বিশ্বের বিভিন্ন স্থানে জনসমক্ষে উপস্থিত হতে হবে। এক বছর দায়িত্ব পালনের পর তিনি আবার মঞ্চে ফিরে তাঁর উত্তরসূরির মাথায় মুকুট পরিয়ে দেবেন।