২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৫২:৪৪ অপরাহ্ন


ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ!
আন্তর্জাতিক ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-২৯ ১৬:২৬:৫০
ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ! স্বর্ণপামজয়ী নির্মাতা জাফর পানাহি I ছবি: সংগৃহীত


অনুপস্থিতিতে বিচার ও ব্যাংক হিসাব জব্দের পর প্রকাশ পেল রায়; রাষ্ট্রীয় দণ্ড মাথায় রেখেও দেশে ফেরা ৬৬ বছর বয়সী পানাহির ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ

      কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মাননা ‘স্বর্ণপাম’ (Palme d'Or) জয়ী বিশ্বখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে নতুন একটি মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের একটি আদালত। সাজা ঘোষণার পাশাপাশি তাঁর ব্যক্তিগত সব সম্পদ বাজেয়াপ্ত করা এবং পরবর্তী দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বছর রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে এক বছরের কারাদণ্ড পাওয়ার পর এই নতুন রায়ের ফলে ৬৬ বছর বয়সী এই প্রখ্যাত নির্মাতার কাজ ও জীবন আবারো গভীর অনিশ্চয়তার মুখে পড়ল। তবে নতুন মামলায় তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো স্পষ্ট করেনি তেহরান প্রশাসন।

গত বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও মার্কিন বিনোদন সাময়িকী ভ্যারাইটি পৃথক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদকে পানাহির আইনি পরামর্শক মোস্তফা নিলি জানিয়েছেন, তাঁর মক্কেলের অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেছেন। এমনকি শুনানির দিনক্ষণ বা তারিখ সম্পর্কেও পানাহি কিংবা তাঁর আইনজীবীকে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে হঠাৎ করেই পানাহির সকল ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দ করা হয়। বিষয়টি জানতে মোস্তফা নিলি পানাহিকে সঙ্গে নিয়ে তেহরানের প্রসিকিউটরের কার্যালয়ে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন যে, আদালত ইতিমধ্যে নতুন মামলার রায় প্রদান করেছেন। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, মামলার নথিতে অত্যন্ত অদ্ভুতভাবে পানাহিকে দেশের বাইরে বসবাসকারী হিসেবে দেখানো হয়েছে, অথচ চলতি বছরের ৩০ মার্চ তিনি নিজ দেশে ফিরে এসেছিলেন। নতুন রায়ের পাশাপাশি তাঁর আগের এক বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে, তবে দুটি রায়ের সাজা একসঙ্গে কীভাবে কার্যকর হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পানাহির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ নিয়ে মারাত্মক আইনি প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংস্থা দাদবানের আইনজীবী মইন খাজায়েলি জানিয়েছেন, কোনো সম্পত্তির সঙ্গে সুনির্দিষ্ট অপরাধের আইনি সম্পর্ক প্রতিষ্ঠা না করে তা বাজেয়াপ্ত করা ইরানের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এই কঠোর রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বনিয়াদি ও অভিনেত্রী সেতারেহ মালেকি। তাঁদের মতে, পানাহির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতারা চলচ্চিত্রের মাধ্যমে ইরানি জনগণের দুঃখ-দুর্দশা ও প্রতিবাদের চিত্র বিশ্বমঞ্চে তুলে ধরেন বলেই সরকার ক্রমাগত তাঁর কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করছে।

ইরানের অন্যতম প্রভাবশালী ও প্রসংঙ্কিত নির্মাতা জাফর পানাহি গত দুই দশক ধরে দেশটির শাসকমহলের চক্ষুশূলে পরিণত হয়েছেন। ২০১০ সালে তাঁর চলচ্চিত্র নির্মাণ, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া ও বিদেশ ভ্রমণের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তিনি গোপনে ‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘দিস ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’ ও ‘নো বেয়ার্স’-এর মতো বিশ্বনন্দিত ছবি নির্মাণ করেন। ২০১৫ সালে ‘ট্যাক্সি’ ছবির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননা ‘স্বর্ণভালুক’ এবং ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ ছবির জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার পান তিনি। পরবর্তীতে ২০২৫ সালে নিজ কারাবাসের স্মৃতি থেকে অনুপ্রাণিত ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’-এর জন্য কান উৎসবে সর্বোচ্চ সম্মাননা ‘স্বর্ণপাম’ অর্জন করেন পানাহি, যা অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র বিভাগেও মনোনয়ন পেয়েছিল।

২০২৫ সালের ডিসেম্বরে ১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়েও আন্তর্জাতিক প্রচারণা শেষে চলতি বছরের মার্চে স্বেচ্ছায় ইরানে ফিরে আসেন এই সাহসী নির্মাতা। দেশে ফেরার বিষয়ে তিনি জানিয়েছিলেন, ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি নিজ দেশেই বাঁচতে ও কাজ করতে চান। তবে হঠাৎ করে ঘোষিত এই পাঁচ বছরের কারাদণ্ড, ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ পানাহির চলচ্চিত্র নির্মাণ এবং ব্যক্তিগত স্বাধীনতাকে এক চরম সংকটের মুখে ঠেলে দিল।