০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১১:৩৯:২৮ অপরাহ্ন


নতুন পাসপোর্টের আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা: রয়টার্স
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-০৯ ১৬:০৪:১১
নতুন পাসপোর্টের আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা: রয়টার্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা I ছবি: সংগৃহীত


ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা; দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আইনজীবীদের মাধ্যমে চিঠি

       ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে আজ সোমবার (৯ নভেম্বর) নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-এর হাতে আসা একটি চিঠির বরাবর দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই দেশের সঙ্গে তাঁর প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ।

বিশ্লেষকদের মতে, এই পাসপোর্টের আবেদনকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে শেখ হাসিনার নেওয়া সবচেয়ে বড় এবং স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতেই অবস্থান করছেন।

আইনজীবীদের মাধ্যমে চিঠি ও আইনি লড়াই: লন্ডনভিত্তিক স্বনামধন্য আইন ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স-এর মাধ্যমে শেখ হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ ইতিমধ্যে তাঁর পূর্বের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে। এই পরিস্থিতিতে আমাদের মক্কেলের জন্য জরুরিভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। চিঠিতে আরও বলা হয়েছে, তাঁর বাংলাদেশি নাগরিকত্বের সাংবিধানিক অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিভিন্ন চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী এই আবেদনগুলো যেন ‘দ্রুততার সঙ্গে’ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা: রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে শেখ হাসিনা জানিয়েছেন যে, তিনি আইনি লড়াইয়ের মুখোমুখি হতে এবং আদালতে আত্মসমর্পণ করতেই দেশে ফিরতে চান। তাঁর ঘনিষ্ট সহযোগীরা জানিয়েছেন, পাসপোর্টের আনুষ্ঠানিকতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাঁর দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল) তাঁর অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে শুরু থেকেই শেখ হাসিনা ও তাঁর দল এই অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করে আসছে।

এদিকে, নয়া দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং বা মুখপাত্রের পক্ষ থেকে এ বিষয়ে রয়টার্সের পাঠানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।