০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১২:১৪:০১ পূর্বাহ্ন


সাংবাদিক হয়রানি: পরীমনিকে নিঃশর্ত ক্ষমার লিগ্যাল নোটিশ!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-০৮ ১৯:৪৪:৫৯
সাংবাদিক হয়রানি: পরীমনিকে নিঃশর্ত ক্ষমার লিগ্যাল নোটিশ! চিত্রনায়িকা পরীমনি I ছবি: সংগৃহীত


সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য লিখিত ক্ষমা চাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের আইনজীবীর

       আদালত প্রাঙ্গণে সাংবাদিক হয়রানি, বিশৃঙ্খলা সৃষ্টি এবং জাতীয় সংগীত অবমাননার গুরুতর অভিযোগ এনে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আজ রবিবার (৮ নভেম্বর) এই লিগ্যাল নোটিশ পাঠান। পরীমনির পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায়ও এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালতের নির্ধারিত প্রাঙ্গণে সংঘটিত অনভিপ্রেত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লিখিত অন্যান্য প্রধান নির্দেশনা:

  • ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য পরিবেশন থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

  • চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার বিন্দুমাত্র শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

ঘটনার পটভূমি: এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তিনি জামিন পান। তবে আদালত থেকে বের হওয়ার সময় সংবাদকর্মীদের ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়।

অভিযোগ রয়েছে, এ সময় পরীমনি এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন এবং তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি পরীমনির সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আদালতে আসা সুজন চন্দ্র মণি দাস নামের এক সাধারণ বিচারপ্রার্থীর মাথা ফেটে রক্ত বের হয়। এর আগে আদালতের পক্ষ থেকে একদিন পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল বলেও জানা যায়।