সাংবাদিককে হুমকি ও আইনি নোটিশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য চিত্রনায়িকার; বয়কট ও কাজ না দেওয়ার চাপের অভিযোগ
সম্প্রতি আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং লিগ্যাল নোটিশ পাওয়ার পর এবার মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তাঁকে জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা চলছে দাবি করে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?’
ভিডিওতে পরীমনি অভিযোগ করেন, তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, বয়কটের ডাক দেওয়া হচ্ছে এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের মালিকদের কাছে তাঁকে কোনো কাজ না দেওয়ার জন্য নানামুখী চাপ সৃষ্টি করা হচ্ছে।
ভিডিও বার্তায় পরীমনি যা বলেছেন: ক্ষমা চাওয়ার প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, “আচ্ছা, আপনি একজন মানুষকে সরি বলাবেন বা আপনি আশা করেন যে একজন মানুষ আপনাকে সরি বলবে তার ভুলের জন্য। আচ্ছা, তো আসলে কীভাবে সরি বলাবেন? মানে কী বলে বলাবেন যে তুমি এই জিনিসগুলো রং করেছ, এগুলোর জন্য তোমাকে সরি বলা উচিত বা তুমি সরি বলো? তা আপনি কী করতে চান? আপনি একটা মানুষের গলা টিপে ধরছেন, তোকে মেরে ফেলব, যতক্ষণ না অবধি তুই সরি বলবি, তুই মরে যাবি—এভাবে আসলে সরি বলানো যায়, সম্ভব।”
নিজের গালাগালের বিষয়টি নিয়ে পরীমনি বলেন, “আচ্ছা, এটার জন্য যদি আমি সরি বলি, তাহলে সেটা আমাকে বলতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই সরি বলতে হবে। তুমি গালাগাল করতে পারবা না... যা ইচ্ছা তা-ই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে সরি বলতে হবে। সে তো বলতে হবে।”
সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে যেয়ে আন্দোলন করলেন, জামাইবন্দনা শুরু করছেন। আমাকে শেম করলেন, অপদস্থ করলেন, গালিটা দিলেন—এই রাইটটা আপনাদের কে দিয়েছে?”
পূর্বের ঘটনার প্রেক্ষাপট: উল্লেখ্য, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে তাঁর বডিগার্ডদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে।
পরবর্তীতে সাংবাদিক রবিউল হোসাইন দাবি করেন, পরীমনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। এই ঘটনার জেরে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আইনি নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার অনুরোধ জানান।
অন্যদিকে, এর রেশ কাটতে না কাটতেই গত রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি অনুষ্ঠান শেষে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে পরপর কয়েকটি ফেসবুক লাইভ করেন পরীমনি। সবমিলিয়ে বিনোদন অঙ্গনে এই মুহূর্তে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।