১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৬:১১:৪৭ পূর্বাহ্ন


মৃত্যুদণ্ডের বিধান তুলে নিতে জাতিসংঘে ভোট, যে অবস্থান নিল বাংলাদেশ!
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-১৬ ১৬:১৯:০৩
মৃত্যুদণ্ডের বিধান তুলে নিতে জাতিসংঘে ভোট, যে অবস্থান নিল বাংলাদেশ! ছবি: সংগৃহীত


সাধারণ পরিষদে ১৩৩ দেশের সমর্থনে প্রস্তাব গৃহীত; বিপক্ষে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩ দেশ, ভোটদানে বিরত থাকল বাংলাদেশ

       বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) উত্থাপিত প্রস্তাবে ভোটদানে বিরত থাকার অবস্থান নিয়েছে বাংলাদেশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক এই প্রস্তাবটি ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়।

ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে সমর্থন জানিয়েছে ১৩৩টি দেশ। অন্যদিকে এর বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ, এবং বাংলাদেশসহ মোট ১৬টি দেশ ভোটদানে বিরত (Abstain) ছিল।

পক্ষে-বিপক্ষে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর অবস্থান: জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে দক্ষিণ এশিয়া ও বিশ্বের প্রভাবশালী দেশগুলোর অবস্থানে স্পষ্ট মেরুকরণ দেখা গেছে। প্রস্তাবটির বিপক্ষে ভোট দেওয়া ৩৩টি দেশের তালিকায় রয়েছে প্রতিবেশী দেশ ভারত, যুক্তরাষ্ট্র এবং চীন।

এছাড়া ভারতের পাশাপাশি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাকিস্তান, মালদ্বীপ, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত-সংশ্লিষ্ট মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, ইরান, ইরাক ও মিশরসহ আরও বেশ কয়েকটি দেশ।

প্রস্তাবের মূল বিষয়বস্তু ও ২০২৫ সালের উদ্বেগজনক চিত্র: গৃহীত এই প্রস্তাবে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি স্বাধীন দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের সার্বভৌম অধিকারের কথাও স্বীকার করা হয়েছে। প্রস্তাবে চূড়ান্ত লক্ষ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করার লক্ষ্যে সব দেশকে এর কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেসব দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এই সর্বোচ্চ শাস্তি চালু না করার অনুরোধও করা হয়েছে।

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার সাধারণ প্রবণতা থাকলেও ২০২৫ সালে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

বিশেষ কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড নিষিদ্ধের আহ্বান: জাতিসংঘের এই প্রস্তাবে বেশ কয়েকটি মানবিক ও আইনি সুপারিশ তুলে ধরা হয়েছে:

  • অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা: অপরাধ সংঘটনের সময় কারও বয়স ১৮ বছরের কম হলে কিংবা বয়স ১৮ বছরের বেশি ছিল কি না তা নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলে মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

  • সংবেদনশীল গোষ্ঠী: গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত বা বন্ধ রাখার কথা বলা হয়েছে।

  • অপরাধের তালিকা সংকোচন: যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, সেই অপরাধের সংখ্যা কমিয়ে আনা এবং কোনো অপরাধের ক্ষেত্রে ‘বাধ্যতামূলকভাবে’ মৃত্যুদণ্ড দেওয়ার আইনি বিধান তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।