২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ০৪:২৯:৩৭ পূর্বাহ্ন


নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যজোটের!
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-২২ ১৬:৩৭:২৯
নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যজোটের! জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট I ছবি: সংগৃহীত


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন জোটের; নিরপেক্ষতা প্রমাণ করতে না পারলে লাগাতার কর্মসূচি ও নির্বাচন বর্জনের ইঙ্গিত

      আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সরকারি সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতির মধ্যেই কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। সম্প্রতি অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের মাধ্যমে জোটের প্রার্থীকে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জোটটি।

উপনির্বাচনের অভিযোগ ও আন্দোলনের ঘোষণা: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর তৎপরতা শুরু হলেও ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের পর নতুন কৌশল ও কর্মসূচির দিকে এগোচ্ছে ১১ দলীয় ঐক্যজোট। জোটের প্রধান সমন্বয়ক জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে কমিশন নিরপেক্ষ হতে না পারলে পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন শুরু করা হবে।

জামায়াত ও এনসিপি নেতাদের কড়া হুঁশিয়ারি: আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা অনেক ধৈর্য ধরেছি। আট মাস ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এর মধ্যে তিন-চারটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন নিয়েও অভিযোগ রয়েছে। সর্বশেষ উপনির্বাচনে যা ঘটেছে, তাতে আমাদের সিদ্ধান্ত একেবারেই স্পষ্ট। নির্বাচন কমিশন যদি নিজের অবস্থান সুসংহত করতে না পারে এবং নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা প্রমাণ করতে না পারে, তাহলে এই কমিশনের বিরুদ্ধেও আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’

তিনি আরও বলেন, জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি, শপথ ও অঙ্গীকার রক্ষা করতে না পারলে এবং দায়িত্ব পালনে ব্যর্থ হলে অবশ্যই কমিশনের পদত্যাগ দাবি করতে হবে।

অন্যদিকে, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন যদি তাদের সাংবিধানিক অবস্থান ও নিরপেক্ষতা বজায় রাখতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শঙ্কা ও অংশগ্রহণের প্রশ্ন: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও বর্তমান কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আখতার হোসেন। তাঁর অভিযোগ, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ বা সময়সীমা ঘোষণা করতেও কমিশন ভয় পাচ্ছে এবং তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কার্যক্রম পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করেছে।

স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় জোটের যথেষ্ট প্রস্তুতি রয়েছে উল্লেখ করে জোটের এই দুই কেন্দ্রীয় নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশন যদি তাদের পক্ষপাতমূলক আচরণ থেকে সরে না আসে, তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জোট নতুন করে চিন্তাভাবনা করবে।