২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ০৭:৫১:১৩ অপরাহ্ন


জারিয়াব ওরফে দূর-ই ফিশানকে ঘিরে গুঞ্জন, বিতর্ক!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-২৩ ১৮:২৭:৩৫
জারিয়াব ওরফে দূর-ই ফিশানকে ঘিরে গুঞ্জন, বিতর্ক! ‘দার-ই-নিজাত’ নাটকের পাকিস্তানি অভিনেত্রী দূর-ই ফিশান সেলিম I ছবি: সংগৃহীত


পাকিস্তানি অভিনেত্রী দূর-ই ফিশান সেলিমকে ঘিরে গুঞ্জন বা বিতর্ক লেগেই আছে।  তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পর্দার প্রতিটি পদক্ষেপ নিয়ে চলছে বিচার-বিশ্লেষণ।

‘দার-ই-নিজাত’-এর আবু বকরকে নিয়ে উন্মাদনা চললেও জারিয়াব চরিত্রটিও ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শকমহলে। নাটকে দূর-ই ফিশানের চরিত্র জারিয়াব একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে। এই চরিত্রের সংলাপে রয়েছে ইংরেজির ব্যবহার। দর্শকের একাংশের অভিযোগ, দূর-ই-ফিশানের ইংরেজি উচ্চারণ বেশ কৃত্রিম। বিশেষ করে ‘Fab’ শব্দটি বলার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অবশ্য দর্শকের এমন মন্তব্যের বিপরীতে সহকর্মির পক্ষে কথা বলেছেন সানাম সাঈদ, হানিয়া আমিরসহ অনেকেই।

‘দার-ই-নিজাত’-এর একটি দৃশ্যে জারিয়াব চরিত্রটি স্লিভলেস পোশাক পরতে অস্বস্তি প্রকাশ করে। এ নিয়েও ট্রল হয়েছে। পর্বটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক। কেউ প্রশ্ন তোলেন, পোশাক পরিবর্তনের সঙ্গে ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক কী? আবার কেউ বলছেন, একজন নারীর পোশাক নিয়ে এত আলোচনা কেন?

দূর-ই ফিশান পরিষ্কার ভাষায় জানান, জারিয়াবের পোশাকের পরিবর্তন মূলত চরিত্রটির বিশ্বাস ও আত্মিক পরিবর্তনের অংশ। বাস্তব জীবনে স্লিভলেস পোশাক পরতে তাঁর নিজের কোনো আপত্তি নেই। 

‘দার-ই-নিজাত’-এর সবচেয়ে বড় বিতর্কটি তৈরি হয় জারিয়াবের প্রেম ভাঙা ও নতুন সম্পর্ককে কেন্দ্র করে। প্রেমিক জামিলের প্রতারণার পর মানসিকভাবে ভেঙে পড়ে জারিয়াব। তার জীবনে আসে আবু বকর। কিন্তু একজন নারী কি আরেকজন পুরুষের সহায়তা ছাড়া নিজের জীবন গুছিয়ে নিতে পারে না- দর্শকের একাংশের প্রশ্ন ছিল এটি। কেউ কেউ নাটকের গল্পকে নারীর স্বাধীনতার পরিপন্থী বলেও সমালোচনা করেন।

দূর-ই-ফিশানের আরেক নাটক ‘ইশক মুর্শিদ’-এ বিলাল আব্বাস খানের সঙ্গে দূর-ই ফিশানের রসায়ন এতটাই জনপ্রিয় হয়েছিল যে, দর্শকের একাংশ তাঁদের বাস্তব জীবনেও প্রেমিক-প্রেমিকা ভাবতে শুরু করেন। এমনকি বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে।

আরেক সহশিল্পী নামির নওয়াজ খানের সঙ্গেও দূর-ই-ফিশানের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। কিন্তু দূর-ই ফিশান কিংবা নামির কেউই প্রেমের সম্পর্ক নিশ্চিত করেননি। 

একইভাবে এই অভিনেত্রীকে কেন্দ্র করে আলোচনায় আসেন পাকিস্তানি ইউটিউবার রাজাব বাট। দূর-ই-ফিশানের সঙ্গে তাঁর বিয়ে হতে যাচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর রাজাব বাট নিজেই জানান, এটি কেবলই গুঞ্জন।

একদিকে অভিনয় নিয়ে সমালোচনা, অন্যদিকে পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক, পাশাপাশি প্রেম ও বিয়ের গুঞ্জন- সব মিলিয়ে দূর-ই-ফিশান এখন পাকিস্তান, ভারত ও বাংলাদেশে বহুল চর্চিত নাম। সম্প্রতি ভালোবাসা নিয়ে দূর-ই ফিশানের একটি বক্তব্য বেশ আলোচিত হয়েছে।

তাঁর মতে, ভালোবাসা এমন হওয়া উচিত- যা মানুষকে বিকশিত হতে সাহায্য করবে, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে বাধ্য করবে না।