১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৫:৩৫:০৪ পূর্বাহ্ন


প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কাউকে বাদ দিচ্ছি না : শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৩ ২০:০৫:৪৮
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কাউকে বাদ দিচ্ছি না : শিক্ষামন্ত্রী ছবি: সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর নিয়োগ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৩ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে তিনি নিশ্চিত করেন যে, সুপারিশপ্রাপ্ত এই শিক্ষকদের কাউকেই বাদ দেওয়া হবে না।

শিক্ষামন্ত্রী জানান, যদিও এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, তবুও শিক্ষার স্বার্থে নির্বাচিত সবাইকে যোগদানের সুযোগ দেওয়া হবে। সচিবালয়ে ফাইল পরীক্ষা করে দ্রুতই যোগদানের তারিখ জানানো হবে। তবে নিয়োগপ্রাপ্তদের কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) সফলভাবে ট্রেনিং সম্পন্ন করা এবং সরকারি বিধি অনুযায়ী দুই বছরের শিক্ষানবিশকাল সফলভাবে পার করা। এসব শর্তে উত্তীর্ণ হলেই তাদের চাকরি স্থায়ী করা হবে।

নিয়োগের মান নিয়ে মন্ত্রী বলেন, "আমরা চাই যোগ্য শিক্ষকরাই আমাদের সন্তানদের পড়াক।" ব্রিফিংকালে শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং দুই মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।