১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৫:২৮:৫৩ পূর্বাহ্ন


আসছে ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’, গড় দাম হতে পারে ?
টেকনোলজি ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-০৬ ২০:২৮:৩৫
আসছে ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’, গড় দাম হতে পারে ? আইফোন আল্ট্রা I ছবি: সংগৃহীত


বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির পূর্বাভাস: ২০২৭ সালের মধ্যে বিক্রি হতে পারে ১ কোটি ৭০ লাখের বেশি ফোল্ডেবল আইফোন

         দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারের গতিপথ বদলে দিতে আসছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন ‘আইফোন আল্ট্রা’। আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হওয়ার আগেই বাজারজুড়ে ডিভাইসটি নিয়ে ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রযুক্তি সাময়িকী ম্যাশেবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন আল্ট্রার গড় বিক্রয়মূল্য (Average Selling Price) হতে পারে ২,৫৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা।

আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের বাৎসরিক নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেগা ইভেন্টের ঠিক আগেই আইফোনের সম্ভাব্য দাম ও বাজার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ সামনে এসেছে।

বিভিন্ন তথ্য ফাঁস ও বিশ্লেষকদের প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছিল, নতুন এই ফোল্ডেবল আইফোনের শুরুর দাম ২,০০০ ডলার বা তার কিছু বেশি হতে পারে। তবে আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এর গড় বিক্রয়মূল্য ২,৫৫০ ডলারে পৌঁছাতে পারে। তবে এটি ফোনটির সর্বনিম্ন বা প্রারম্ভিক মূল্য নয়; বরং উচ্চ স্টোরেজ ভ্যারিয়েন্ট ও বিভিন্ন কনফিগারেশনের সামগ্রিক বিক্রির ওপর ভিত্তি করে এই গড় মূল্য হিসাব করা হয়েছে।

অন্যান্য প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন আল্ট্রার প্রাথমিক বা বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২,৩৯৯ ডলার। আর সর্বোচ্চ স্টোরেজ সংস্করণের ক্ষেত্রে দাম প্রায় ৩,০০০ ডলার পর্যন্ত উঠতে পারে।

উচ্চ মূল্যের ট্যাগ থাকা সত্ত্বেও ডিভাইসটি বাণিজ্যিক দিক থেকে বিশাল সাফল্য পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আইডিসি। প্রতিষ্ঠানটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ বাজার থেকে ১ কোটি ৭০ লাখের বেশি ফোল্ডেবল আইফোন আল্ট্রা বিক্রি হতে পারে। এই বিপুল পরিমাণ বিক্রয় থেকে অ্যাপলের সম্ভাব্য আয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ৪৫.৭ বিলিয়ন মার্কিন ডলার।

আইডিসির গবেষণা পরিচালক নাবিলা পোপাল ম্যাশেবলকে জানান, "ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে অ্যাপলের উপস্থিতি কেবল এই খাতের সার্বিক প্রবৃদ্ধিকেই তরান্বিত করবে না, বরং বৈশ্বিক স্মার্টফোন বাজারের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে।"

আইডিসির হিসাব অনুযায়ী, বাজারে প্রবেশের অল্প সময়ের মধ্যেই ফোল্ডেবল ফোনের বৈশ্বিক চাহিদার প্রায় ৪০ শতাংশ অ্যাপল একাই দখল করে নিতে পারে। পাশাপাশি, বিশ্বজুড়ে ফোল্ডেবল ফোনের মোট বাজারমূল্যের অর্ধেকেরও বেশি অর্থ অ্যাপলের পকেটে যাবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপলের এই ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনটি বাজারে এলে ফোল্ড ডিসপ্লে প্রযুক্তি খাতের বর্তমান পরাশক্তি স্যামসাং এবং হুয়াওয়ের সঙ্গে তীব্র সরাসরি প্রতিযোগিতা শুরু হবে। তবে অ্যাপল আনুষ্ঠানিকভাবে সব স্পেসিফিকেশন ও দাম ঘোষণা না করা পর্যন্ত চূড়ান্ত তথ্য জানতে প্রযুক্তপ্রেমীদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।